বসতঘরে মাদক তৈরির সরঞ্জামসহ দুইজন গ্রেফতার

বসতঘরে মাদক তৈরির সরঞ্জামসহ দুইজন গ্রেফতার

ছবি : প্রতীকি

মৌলভীবাজারের বড়লেখায় নিজ বসতঘরে মাদক উৎপাদনের সরঞ্জাম ও বিপুল পরিমাণ চোলাই মদ ও গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (১৭ জুন) উপজেলার সমনবাগ চা বাগান ও বারই গ্রামে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

সমনবাগ চা বাগানের পাক্কা লাইন এলাকায় অভিযান চালিয়ে সেবুল রায় (২৫) নামের এক যুবককে তার নিজ ঘর থেকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে তার ঘরের দক্ষিণ পাশের কক্ষের চৌকির নিচ ও মেঝে থেকে দুইটি জারে ১৮ লিটার অ্যালকোহলযুক্ত চোলাই মদ এবং দুটি ড্রামে ১০০ লিটার ওয়াশ (চোলাই মদ তৈরির উপাদান) উদ্ধার করা হয়।

অন্যদিকে বারই গ্রামে দুপুর ২টার দিকে চালানো আরেক অভিযানে আব্দুল কুদ্দুছ (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার ঘরের পশ্চিম পাশের কক্ষের খাটের তোশকের নিচে রাখা একটি ব্যাগ থেকে ৭১টি গাঁজার পুরিয়া উদ্ধার করা হয়, যার মোট ওজন ৩৫০ গ্রাম।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. রাশেদুজ্জামান জানান, অভিযান দুটি তাঁর দিকনির্দেশনায় এবং পরিদর্শক মাসুদুর রহমান তালুকদারের নেতৃত্বে পরিচালিত হয়েছে। 

তিনি আরও জানান, এ ঘটনায় উপপরিদর্শক মো. আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে বড়লেখা থানায় দুটি পৃথক মাদক মামলা দায়ের করেছেন। মাদকবিরোধী এই অভিযান চলমান থাকবে। এলাকাবাসীর সহযোগিতা ছাড়া এটি সম্ভব নয়।