মানিকগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি র‌্যাবের হাতে গ্রেফতার

মানিকগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি র‌্যাবের হাতে গ্রেফতার

ছবি : প্রতীকি

মানিকগঞ্জ সদর থানার একটি মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. রবিজুল ইসলামকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব-৪।

বুধবার সকালে মানিকগঞ্জ র‌্যাব ৪, সিপিসি ৩ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. মাজহারুল হক সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি রবিজুল দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রবিজুল ইসলাম টাঙ্গাইল জেলার নাগরপুর থানার সিংদাইর এলাকার মো. আবুল হোসেনের ছেলে। 

র‌্যাব ৪ জানায়, গ্রেফতার রবিজুল চিহ্নিত মাদক কারবারি। রবিজুল দীর্ঘদিন ধরে রাজশাহী থেকে অবৈধ মাদকদ্রব্য হেরোইন ক্রয় করে এনে মানিকগঞ্জ সদর থানা এলাকাসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন। এরই রবিজুল আইনশৃঙ্খলা বাহিনীর হাতে মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেফতার হয়েছিলেন। 

র‌্যাব ৪ আরও জানায়, মামলার স্বাক্ষ্য-প্রমাণ এবং যুক্তিতর্ক শেষে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত তার বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন।