তেহরানে থাকা ভারতীয়দের শহর ছাড়ার পরামর্শ দিল ভারতের পররাষ্ট্র মন্ত্রক

তেহরানে থাকা ভারতীয়দের শহর ছাড়ার পরামর্শ দিল ভারতের পররাষ্ট্র মন্ত্রক

ছবিঃ সংগৃহীত

ইরান ও ইসরাইলের মধ্যে সংঘাত পঞ্চম দিনে আরও তীব্রতর হওয়ায় আশঙ্কায় তেহরানে থাকা সমস্ত ভারতীয় নাগরিকদের উদ্দেশ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে মঙ্গলবার নতুন অ্যাডভাইসরি দেয়া হয়েছে।

অবিলম্বে তেহরানে থাকা ভারতীয়দের ভারতীয় দূতাবাসে যোগাযোগ করতে এবং তাদের অবস্থান ও যোগাযোগের নম্বর প্রদান করতে অনুরোধ করা হয়েছে। সেইসঙ্গে ভারতীয় নাগরিক এবং ভারতীয় বংশোদ্ভূতদের সম্ভব হলে নিজস্ব ক্ষমতা এবং সম্পদ ব্যবহার করে তেহরানের বাইরে নিরাপদ স্থানে চলে যাওয়ার পরামর্শ দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রক। ভারতের পররাষ্ট্র মন্ত্রক জানিয়েছে যে, ইরান ও ইসরাইলের চলমান ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে মন্ত্রকে একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। এদিকে, তেহরানের ভারতীয় দূতাবাসও সকল ভারতীয় নাগরিকদের শহরের বাইরে নিরাপদ স্থানে চলে যাওয়ার পরামর্শ দিয়েছে। তেহরানে থাকা এবং দূতাবাসের সঙ্গে যোগাযোগ না করা সমস্ত ভারতীয় নাগরিকদের অনুরোধ করা হয়েছে দূতাবাসে যোগাযোগ করতে এবং তাদের অবস্থান ও যোগাযোগের নম্বর প্রদান করতে।

পঞ্চম দিনেও ইসরাইল ও ইরানের মধ্যে সংঘর্ষ তীব্রতর হওয়ার পর ভারত সরকারের এই ঘোষণা প্রকাশিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কানাডায় জি-৭ শীর্ষ সম্মেলন থেকে একদিন আগে বেরিয়ে ওয়াশিংটনে ফিরে গেছেন। ট্রাম্প ইরানিদেরও তেহরান ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করেছেন। এদিকে, সরকারি সূত্রে জানানো হয়েছে, ইরান এবং ইসরাইলের মধ্যে সংঘাত তীব্র আকার ধারণ করার সঙ্গে সঙ্গে ভারত ইরান থেকে তার নাগরিকদের আর্মেনিয়া হয়ে সরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু করেছে।

তেহরানে ভারতের কূটনৈতিক মিশন ইরানের বিভিন্ন স্থান থেকে ১০০ জনেরও বেশি ভারতীয় নাগরিক, যাদের বেশির ভাগই শিক্ষার্থী, তাদের প্রথম দলকে আর্মেনিয়া সীমান্তে স্থানান্তরিত করেছে। আর্মেনিয়ায় প্রবেশের পর তাদের বিমানে ভারতে নিয়ে আসা হবে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে।