কাঁঠাল নিয়ে দ্বন্দ্বে ভাবিকে কুপিয়ে হত্যা
প্রতিকী ছবি
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় কাঁঠাল নিয়ে দ্বন্দ্বে ভাবিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে দেবরের বিরুদ্ধে।
শুক্রবার (২০ জুন) বেলা ১১টার দিকে উপজেলার নালী ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম সোভা বেগম (৩৫)। তিনি হরিরামপুর উপজেলার চাঁনপুর গ্রামের হাসমত মোল্লার মেয়ে এবং নালী গ্রামের সালাম মিয়ার স্ত্রী। অভিযুক্ত রাকিব (২৮) নালী গ্রামের মৃত নীলচান মিয়ার ছেলে। ঘটনার পরপরই রাকিব পালিয়ে যান।
স্থানীয় সূত্রে জানা যায়, সালাম ও রাকিব দুই ভাই বিবাহিত। দুই ভাইয়ের আলাদা সংসার। তাদের বসতবাড়ির পাশে দুটি কাঁঠাল গাছ ছিল। কয়েক মাস আগে রাকিব নিজের ভাগের গাছটি কেটে ফেলেন। শুক্রবার সকালে সালামের স্ত্রী সোভা অপর গাছ থেকে কাঁঠাল পারছিলেন। এ সময় রাকিব এসে গাছের কাঁঠালে নিজের অংশ দাবি করেন। এ নিয়ে দেবর-ভাবির মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাকিব ক্ষিপ্ত হয়ে ঘরে গিয়ে একটি ধারালো ছুরি এনে ভাবী সোভাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করেন। গুরুতর জখম অবস্থায় ঘটনাস্থলেই সোভা বেগমের মৃত্যু হয়।
নিহতের বড় ছেলে শামীম (১৭) ঢাকার একটি কারখানায় কাজ করেন। ছোট ছেলে সাকিব (১১) স্থানীয় উভাজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের প্রেরণ করে। আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।