বিস্ফোরক-অস্ত্রসহ ৪ ছাত্রলীগ কর্মী গ্রেফতার
প্রতিকী ছবি
রাজধানীর মিরপুর এলাকা থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের চার কর্মীকে বিস্ফোরক ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলো- শুক্কর, জিহাদ, রাহিম ও সুমন।
মিরপুর-২ এর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পাশের ডিসি রোড থেকে শুক্রবার তাদের গ্রেফতার করা হয়। ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
পুলিশ সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, ছাত্রদলের একটি মিছিলে নাশকতার উদ্দেশে ছাত্রলীগের কিছু নেতাকর্মী অর্থের বিনিময়ে বস্তি এলাকা থেকে লোকজন সংগ্রহ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আশপাশ এলাকায় অবস্থান করছেন। পরে মিরপুর মডেল থানার একটি টিম সেখানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালিয়ে গেলেও শুক্কর, জিহাদ, রাহিম ও সুমন নামের চারজনকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে দুটি তাজা ককটেল, একটি লোহার চাপাতি, দুটি চাকু, একটি লোহার দা, একটি স্টিলের পাইপ, একটি মোটরসাইকেলের চেইন ও একটি চেইন স্পোকেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। তারা ফ্যাসিস্ট সরকারের বিচারের দাবিতে আয়োজিত মিছিলে নাশকতার উদ্দেশ্যে স্লোগান দিয়ে পালটা মিছিল করেছিল। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। পলাতক অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।