কালিগঞ্জে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি
ছবি : সংগৃহীত
৬ দফা দাবি আদায়ে ঝিনাইদহের কালিগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করেছে স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার (২৪ জুন) সকালে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষ চত্বরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অবস্থান কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচিতে দাবি সম্বলিত ব্যানার, লিফলেট নিয়ে উপজেলার সকল স্বাস্থ্য সহকারীরা অংশ নেয়।
সে সময় কালিগঞ্জ হেলথ এ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আব্দুর রউফের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ফুরকান আলী, ফারুক হোসেনসহ আরও অনেকে।
বক্তরা বলেন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক পর্যায়ে উন্নীত করে ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা প্রদান ও ১১ তম গ্রেডে বেতন স্কেল উন্নীত করাসহ ৬ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। দাবি বাস্তবায়ন না করা হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।