কেনিয়ার সরকারবিরোধী বিক্ষোভ, সংঘর্ষে ১৬ মৃত্যু

কেনিয়ার সরকারবিরোধী বিক্ষোভ, সংঘর্ষে ১৬ মৃত্যু

সংগৃহীত

কেনিয়াজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে বুধবার ১৬ জনের মৃত্যু হয়েছে। তাদের অধিকাংশকেই হত্যা করেছে পুলিশ। মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি কেনিয়ার প্রধান এমনটি জানিয়েছেন।

কর বিল নিয়ে এক বছর আগে হওয়া প্রাণঘাতী বিক্ষোভ স্মরণে বুধবার কয়েক হাজার মানুষ রাস্তায় নেমে এসেছিল। আগের ওই বিক্ষোভে পার্লামেন্টে হামলার ঘটনা ঘটেছিল এবং অন্তত ৬০ জন নিহত হয়েছিল।

স্থানীয় গণমাধ্যম ও রয়টার্সের প্রত্যক্ষদর্শী সাংবাদিকের ভাষ্য অনুযায়ী, রাজধানী নাইরোবিতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে। অ্যামনেস্টি কেনিয়ার নির্বাহী পরিচালক ইরুংগু হটন রয়টার্সকে জানান, কিছু বিক্ষোভকারী পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় এবং ‘রাত ৮টা ৩০ পর্যন্ত’ ১৬ জনের ‘মৃত্যু যাচাই করা হয়েছে’।

তিনি জানান, এই সংখ্যাটি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও কেনিয়া ন্যাশনাল কমিশন অন হিউম্যান রাইটস (কেএনসিএইচআর) যাচাই করেছে। ‘অধিকাংশই পুলিশের হাতে নিহত হয়েছেন বলে জানান হটন। তিনি জানান, নিহতদের মধ্যে অন্তত পাঁচজনের মৃত্যু গুলিতে হয়েছে। সরকারি তহবিলে পরিচালিত কেএনসিএইচআর এর আগে জানিয়েছিল, দেশজুড়ে আটজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে, এদের সবাই ‘গুলিতে জখম হয়েছিলেন বলে অভিযোগ’।