শাটডাউন কর্মসূচি চলবে সোমবারও
ছবি: সংগৃহীত
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চলমান শাটডাউন কর্মসূচি আগামীকাল সোমবারও চলবে জানিয়েছেন যুগ্ম কর কমিশনার ও এনবিআর সংস্কার ঐক্য পরিষদের মহাসচিব সেহেলা সিদ্দিকা।
রোববার (২৯ জুন) বিকেলে দ্বিতীয় দিনের মতো শাটডাউন কর্মসূচি শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে একথা জানান।
তিনি জানান, চেয়ারম্যানের পদত্যাগ ও যৌক্তিক সংস্কার না হলে আমরা আন্দোলন চালিয়ে যাবো। আগামীকাল সোমবারও (৩০ জুন) আমাদের শাটডাউন কর্মসূচি চলমান থাকবে। আর যদি সন্ধ্যা বা রাতে কোনো সিদ্ধান্ত আসে তা আপনাদের বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
এর আগে আজ দ্বিতীয় দিনের মতো সকাল থেকে রাজধানীর আগারগাঁওস্থ এনবিআর কার্যালয়ের সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা। পাশাপাশি সারাদেশে সব কাস্টমস ও কর অফিসে শাটডাউন কর্মসূচি পালন করে।
আগে গত ১২ মে এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগে বিভক্ত করে অধ্যাদেশ জারি করে অর্থ মন্ত্রণালয়। এর পর থেকে এনবিআর বিলুপ্তি রোধসহ কয়েকটি দাবিতে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলন শুরু করেন।