নিয়ম লঙ্ঘন করায় মোদীকে ১১ কোটি জরিমানা
ছবি: সংগৃহীত
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক সহ-সভাপতি ও আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদীকে ১০ কোটি ৬৫ লাখ রুপি জরিমানা করেছিল ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। অভিযোগ, তিনি 'ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট' বা ফেমা আইনের নিয়ম লঙ্ঘন করেছেন।
এই জরিমানার টাকা বিসিসিআইকে পরিশোধ করতে হবে। এমন দাবি নিয়ে বোম্বে হাই কোর্টে গিয়েছিলেন ললিত মোদী। তবে সেই আবেদন খারিজ করে আদালত। উল্টো আদালতের সময় নষ্ট করার অভিযোগে তাকে ১ লাখ রুপি অতিরিক্ত জরিমানাও করে দেওয়া হয়।
এবার সেই রায়ের বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টে পিটিশন জমা দিয়েছেন। ললিত মোদীর যুক্তি, যখন এই জরিমানা করা হয়েছিল, তখন তিনি বিসিসিআইয়ের দায়িত্বে ছিলেন। তাই বোর্ডের পক্ষ থেকেই জরিমানার অর্থ পরিশোধ করা উচিত।
তবে এর আগে বোম্বে হাই কোর্টের বিচারপতি এমএস সোনাক ও জিতেন্দ্র জৈনের বেঞ্চ স্পষ্ট ভাষায় জানিয়েছিল, ললিত মোদীর এই আবেদন ভিত্তিহীন। আদালতের মূল্যবান সময় নষ্ট করেছেন তিনি।
বিচারপতিরা আরও বলেন, বিসিসিআই ভারতীয় সংবিধানের ১২ নম্বর ধারা অনুযায়ী কোনও সরকারি প্রতিষ্ঠান নয়, বরং এটি একটি স্বশাসিত সংস্থা। তাই তার বিরুদ্ধে এমন কোনও অভিযোগ এনে আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব নয়।
ললিত মোদী যেন ভবিষ্যতে এমন ভুল আবেদন না করেন, সেই জন্য তাকে আদালতের পক্ষ থেকে সতর্ক করা হয়।