এই সরকার আ.লীগ ও তার দোসরদের পাহারাদার: আবু হানিফ
সংগৃহীত ছবি
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের ১১ মাস হয়ে গেলেও এখনও আওয়ামী লীগের সন্ত্রাসীরা ধরাছোঁয়ার বাহিরে। ছাত্র জনতার রক্তের বিনিময়ে যারা ক্ষমতায় বসেছে তারাও দায়িত্ব পালন করছে না। এই সরকার আওয়ামী লীগ ও তার দোসরদের পাহারাদার হিসেবে কাজ করছে।
শুক্রবার (৪ জুলাই) বিকেলে কিশোরগঞ্জ জেলা গণঅধিকার পরিষদ আয়োজিত বরিশালে আদালত কর্তৃক গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁনসহ নেতাকর্মীদের বিরুদ্ধে ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টির মিথ্যা ও হয়রানিমূলক মামলা গ্রহণের নির্দেশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবু হানিফ আরও বলেন, বরিশালে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ ২৫ জন নেতাকর্মীর নামে মামলা নিতে আদালত যে নির্দেশ দিয়েছে আমরা তার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আওয়ামী লীগ গত ১৫ বছরে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় স্বৈরাচার হাসিনা। হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনও দেশে রয়ে গেছে। ১৪ দল ও জাতীয় পার্টি আওয়ামী লীগ কে ফ্যাসিবাদ হতে সহযোগিতা করেছে। আওয়ামী লীগের বিচারের পাশাপাশি এই দোসরদের বিচার হওয়া উচিত। জুলাই গণঅভ্যুত্থান না হলে এই দেশের মানুষ ফ্যাসিবাদ থেকে মুক্তি পেত না। সেই জুলাই গণঅভ্যুত্থানে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, জনগণ মুক্ত করার জন্য পুলিশের গুলির সামনে বুক পেতে দিয়েছিল তাদের মধ্যে অন্যতম নুরুল হক নুর। এই জুলাই গণঅভ্যুত্থানের নেতাদের নামে আদালত কিভাবে মিথ্যা মামলার নেওয়ার নির্দেশ দেয় সেটা বোধ গম্য নয়। এই বিপ্লবীদের নামে মামলা হচ্ছে কাদের ইশারায় আমরা জানতে চাই।
তিনি আরও বলেন, জাতীয় পার্টির বিচারের আগে কোন কাজ করতে দিবে না এই দেশের জনগণ, তাদেরও বিচার হতে হবে। বরিশালে জাতীয় পার্টির মিছিলে যোগ দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা, সেটা প্রতিহত করতে গেলে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলা করেছিলো। এখন আবার সেই জাতীয় পার্টি আদালতে মামলার আবেদন করে আদালতও সেটা গ্রহণ করে। এই আদালতে এখনও ফ্যাসিবাদের দোসরদের নিয়ন্ত্রণে রয়েছে। আগে হাসিনার নির্দেশে রায় হতো এখন কার নির্দেশে আদালত চলছে সেটা খুঁজে বের করতে হবে। আদালতকে ফ্যাসিবাদের দোসর মুক্ত করতে হবে।
গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক অভি চৌধুরী বলেন, নুরুল হক নুর ২৪ এর আন্দোলনের মহানায়ক, তার নামে করা মামলার নিন্দা ও প্রতিবাদ জানাই। এই মামলা প্রত্যাহার না করা হলে সামনে কঠোর আন্দোলন গড়ে তুলবো।
কিশোরগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন তালুকদারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন যুব অধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলার সভাপতি সোহাগ মিয়া, সাধারণ সম্পাদক হাসান আহমেদ রমজান, ছাত্র অধিকার পরিষদের সভাপতি ইমন খান, সাধারণ সম্পাদক পায়েল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি নুরুল হক, সহ সভাপতি আশরাফ প্রমুখ।