গণ্যমান্য ব্যক্তিদের টার্গেট করে প্রতারণা, গ্রেপ্তার ৩
প্রতিকী ছবি
রাজধানীর মিরপুর, পল্লবী এবং গাজীপুরের গাছা এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)।সরকারি কর্মকর্তা কিংবা শীর্ষ সন্ত্রাসী পরিচয় দিয়ে ফোনকল করে ভয় দেখিয়ে সমাজের গণ্যমান্য ব্যক্তিকে টার্গেট করে প্রতারণা করতো চক্রটি।
শুক্রবার (৪ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- মো. আব্দুল মান্নান দুলাল ওরফে জাহাঙ্গীর (৫৫), মো. নাসিম হাসান লাভলু (৪৪) ও ইলিয়াস শিকদার ওরফে বেলায়েত (৫৪)।
ডিবি সূত্রে জানা গেছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে নিজেদের কখনো সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, আবার কখনো কুখ্যাত সন্ত্রাসী সাহদাৎসহ বিভিন্ন সন্ত্রাসীর পরিচয় দিয়ে সাধারণ মানুষ ও সমাজের গণ্যমান্য ব্যক্তিদের ফোনকল করে ভয়ভীতি দেখাতো। এভাবে বিকাশ ও নগদের মতো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে বিপুল টাকা হাতিয়ে নেওয়া হতো। গোপন তথ্যের ভিত্তিতে ডিবির মতিঝিল বিভাগের একটি টিম গত ১ জুলাই মিরপুরের মধ্য পাইকপাড়ায় অভিযান চালিয়ে চক্রের মূলহোতা আব্দুল মান্নানকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্য অনুযায়ী, পরদিন পল্লবী এলাকা থেকে লাভলুকে ও গাজীপুরের গাছা থেকে ইলিয়াস শিকদারকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে দুটি ল্যাপটপ, একটি ট্যাব, ৫২টি মোবাইল ফোন, ১৯০টি সিম কার্ড, বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির নামে আটটি সিল, ২০টি পরিচিতি ডিরেক্টরি (ছবি, নাম, ঠিকানাসহ), পাঁচটি ভুয়া আইডি কার্ড ও নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।