প্রবাসী বাংলাদেশির ভোটাধিকার নিশ্চিতের দাবি
সংগৃহীত ছবি
দেশের বাইরে বসবাসকারী প্রায় দেড় কোটি বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতের দাবি জানিয়েছে প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদ, যুক্তরাজ্য। এ সময় পাঁচটি দাবি উপস্থাপন করা হয়।
শুক্রবার (৪ জুলাই) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার নাজির আহমদ।
প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতে কয়েকটি দাবি তুলে ধরেন প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদ, যুক্তরাজ্যের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাজির আহমদ।
নব্বইয়ের দশকে হাইকোর্টের একজন বিচারপতি প্রবাসীদের ভোটাধিকারের পক্ষে রায় দিয়েছিলেন উল্লেখ করে তিনি বলেন, আমরা দেশের রাজনীতিবিদদের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু স্বাধীনতার ৫৪ বছর পরেও কোনো রাজনৈতিক দল কেন এই অধিকার নিশ্চিত করেনি, সেটা আমাদের জানা নেই।
প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সকে বাংলাদেশের অর্থনীতির স্বীকৃত ‘লাইফ লাইন’ বলে মন্তব্য করে নাজির আহমেদ বলেন, বৈষম্য ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসী বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিভিন্ন দেশে প্রবাসীরা নিজ নিজ অবস্থান থেকে দূতাবাস ও হাইকমিশন ঘেরাও করেছেন, সভা-সমাবেশ করেছেন। মধ্যপ্রাচ্যে বিক্ষোভ করতে গিয়ে অর্ধশত প্রবাসী জেল খেটেছেন। সর্বশেষে প্রবাসীরা গত বছর ৫ আগস্টের আগে মাসব্যাপী রেমিট্যান্স পাঠানো বন্ধ করে পতিত সরকারের টনক নাড়িয়ে দিয়েছিলেন।
রেমিট্যান্সের প্রবাহ বাড়ায় অন্তর্বর্তী সরকার ‘রিজার্ভে হাত না দিয়েই’ বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধ করেছে দাবি করে তিনি বলেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে শুধু প্রয়োজন, সত্যিকারের সদিচ্ছা ও যথাযথ প্রতিশ্রুতি। এই কাজ বাস্তবায়নে দেশে যোগ্য ও প্রশিক্ষিত লোকবলের অভাব থাকলে সরকার পশ্চিমা বিশ্বে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের মধ্য থেকে বিশেষজ্ঞদের সহায়তা নিতে পারে।
বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীরা তাদের নিজ দেশের নির্বাচনে ভোট দিতে পারেন উল্লেখ করে নাজির আহমদ বলেন, ‘অন্তর্বর্তী সরকারই পারে প্রবাসীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে। বিগত ৫৪ বছর ধরে অসম্পন্ন থাকা প্রবাসী বাংলাদেশিদের এই দাবি পূরণের এখনই উপযুক্ত সময়।’
এ সময় আয়োজকেরা প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে নির্বাচন কমিশনের দৃশ্যমান তৎপরতা, দ্রুত সময় ভোটার তালিকা প্রস্তুত ও যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনারকে রিটার্নিং অথবা প্রিসাইডিং কর্মকর্তা নিযুক্ত করে প্রয়োজনীয় বুথ সরবরাহ করে সরাসরি ভোটের ব্যবস্থা নিশ্চিত করাসহ পাঁচটি দাবি উপস্থাপন করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, আইনজীবী মো. মোজাক্কির হোসাইন, প্রবাসী ইকবাল হোসাইন প্রমুখ।