ইমাম হোসাইন (রাঃ)এর অনুগামী যে হিন্দু সম্প্রদায় মহররম পালন করেন
ছবিঃ সংগৃহীত।
ইসলামের ইতিহাসে যে কারবালা যুদ্ধের অপরিসীম গুরুত্ব, জনশ্রুতি বলে ৬৮০ খ্রীষ্টাব্দ বা হিজরি ৬১ সনের সেই যুদ্ধে নবী মোহাম্মদের দৌহিত্র ইমাম হোসাইনের হয়ে যুদ্ধ করেছিলেন ভারতের এক হিন্দু সারস্বত ব্রাহ্মণ – যার নাম রিহাব সিধ দত। শুধু নিজে যুদ্ধ করাই নয়, তার সাত পুত্রও না কি ইউফ্রেটিস নদীর তীরে সেই যুদ্ধে আত্মবলি দেন।
প্রায় ১৪০ বছর আগে লেখা 'বিষাদ সিন্ধু' উপন্যাসে কারবালার যুদ্ধকে বাংলা সাহিত্যেও অমর করে গেছেন মীর মশাররফ হোসেন।
ইতিহাস আর কল্পনা মেশানো সেই কাহিনিতে রিহাব সিধ দতের উল্লেখ না থাকলেও ভারতীয় উপমহাদেশে আজও বহু মানুষ আছেন যারা সেই বিবরণে সম্পূর্ণ আস্থা রাখেন এবং নিজেদের সেই ব্রাহ্মণ বীরের বংশধর বলেই পরিচয় দেন।
রিহাব সিধ দতের সেই 'উত্তরসূরী'রা আজ শত শত বছর পরেও ইমাম হোসাইনের প্রতি শ্রদ্ধা আর কৃতজ্ঞতাপাশে বাঁধা পড়ে আছেন – যে কারণে তারা নিজেদের ধর্ম না পাল্টালেও শিয়া ইসলামের অনেক রীতিনীতি, বিশেষ করে মহররম মাসে আশুরা পালন করে চলেছেন আজও।
ইমাম হোসাইনের অনুগত, অথচ ধর্মবিশ্বাসে হিন্দু ব্রাহ্মণ - এই অনন্য সম্প্রদায়ই 'হুসাইনি ব্রাহ্মণ' নামে পরিচিত। ভারতের কোনো কোনো জায়গায় তাদের 'মোহিয়াল ব্রাহ্মণ' নামেও ডাকা হয়।