ছিনতাইকারীর ছুরিকাঘাতে ঘটনাস্থলেই যুবকের মৃত্যু

ছিনতাইকারীর ছুরিকাঘাতে ঘটনাস্থলেই যুবকের মৃত্যু

ছবি : প্রতীকি

ময়মনসিংহে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরিফ মিয়া (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (৬ জুলাই) সন্ধ্যার ৭টার দিকে নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের বলাশপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আরিফ মিয়া ওই এলাকার আব্দুল কাদিরের ছেলে। ছিনতাইকারীর নাম সাখাওয়াত হোসেন সাগর। সে একই এলাকার সুরুজ আলী ছেলে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) শফিক উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পূর্ববিরোধের জেরে আরিফকে হত্যার ঘটনা ঘটে। আরিফের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে নিহতের ভাতিজা দিদার বলেন, গত মাসের ৯ জুন রাতে আমার চাচা আকরাম হোসেন বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ছিনতাইকারী সাখাওয়াত হোসেন চাচার পথরোধ করে ছুরি ঠেকিয়ে ৩৫ হাজার টাকা ও একটি মোবাইল কেড়ে নেয়। বিষয়টি জানার পর ১১ জুন আমরা আরিফকে নিয়ে সাখাওয়াত হোসেনের বাড়িতে যাই। সেখানে গেলে সাখাওয়াত হোসেন সাগর আরিফকে ছুরিকাঘাত করে। পরে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিলে সে সুস্থ হয়ে ওঠে। 

তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করি। পরে স্থানীয়দের অনুরোধে সালিশে বিষয়টি মিমাংসা হওয়ার কথা ছিল। কিন্তু, রোববার সন্ধ্যায় সাখাওয়াত হোসেন সাগরের সাথে আরিফের বাগবিতণ্ডা হয়।

একপর্যায় সাখাওয়াত হোসেন ছুরি দিয়ে আরিফের বুকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই আরিফ মারা যায়। সাখাওয়াত হোসেন সাগর পেশাদার ছিনতাইকারী ও ইয়াবা ব্যবসায়ী। আমি খুনিকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে হত্যা মামলা আছে কি না, যাচাই করতে হবে। আসামিকে ধরতে অভিযান চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।