মাইক্রোসফট এবার পাকিস্তান থেকে কার্যক্রম গুটিয়ে নিচ্ছে

মাইক্রোসফট এবার পাকিস্তান থেকে কার্যক্রম গুটিয়ে নিচ্ছে

প্রতিকী ছবি।

টেক জায়ান্ট মাইক্রোসফট ২৫ বছর পর পাকিস্তানে তাদের কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

বিশ্বব্যাপী কর্মী ছাঁটাই ও কার্যক্রম পুনর্বিন্যাসের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে দ্য হিন্দু।

মাইক্রোসফটের এই পদক্ষেপকে অনেকেই পাকিস্তানের প্রযুক্তি ও অর্থনৈতিক খাতের জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন। বিভিন্ন স্টেকহোল্ডার জানিয়েছেন, মাইক্রোসফটের অফিস বন্ধ হয়ে গেলে দেশের প্রযুক্তি উন্নয়ন ও বিনিয়োগ পরিবেশ আরও চ্যালেঞ্জের মুখে পড়বে।

প্রতিষ্ঠানটি জানায়, তারা এখন বিশ্বজুড়ে ক্লাউড-ভিত্তিক এবং অংশীদার-নির্ভর কার্যক্রম চালাতে চায়। এর ফলে বিভিন্ন দেশে সরাসরি অফিস কমিয়ে আনা হচ্ছে। ২০২৩ সালের পর এই প্রথম বড় পরিসরে ছাঁটাইয়ের অংশ হিসেবে প্রায় ৯ হাজার ১০০ কর্মী ছাঁটাই করে মাইক্রোসফট।

মাইক্রোসফট পাকিস্তানের সাবেক কান্ট্রি ম্যানেজার জাওয়াদ রেহমান বলেন, ‘পাকিস্তানে প্রযুক্তিখাতে বিনিয়োগের পরিবেশকে অনেকে অস্থিতিশীল মনে করছেন।’

তিনি সরকারকে বিশ্বমানের প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানান, যাতে বিনিয়োগ আকৃষ্ট করা যায়।

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আরিফ আলভি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে মাইক্রোসফটের এই সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘এটি আমাদের অর্থনৈতিক ভবিষ্যতের জন্য একটি উদ্বেগজনক লক্ষণ।’

তিনি আরও জানান, একসময় মাইক্রোসফট পাকিস্তানে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করেছিল। কিন্তু রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার কারণে প্রতিষ্ঠানটি ২০২২ সালের শেষদিকে বিকল্প হিসেবে ভিয়েতনামকে বেছে নেয়।

সূত্র: দ্য হিন্দু