পাকিস্তানে রেমিট্যান্স প্রবাহে রেকর্ড
ছবি: প্রতীকী
২০২৪-২০২৫ অর্থবছরে পাকিস্তানের প্রবাসীরা দেশটিতে রেকর্ড ৩৮ দশমিক ৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২৬ দশমিক ৬ শতাংশ বেশি।
বুধবার (০৯ জুলাই) দেশটির কেন্দ্রীয় ব্যাংক স্টেট ব্যাংক অব পাকিস্তান জানিয়েছে, ২০২৪ সালের জুলাই থেকে চলতি বছরের জুন পর্যন্ত রেমিট্যান্স আসে ৩৮.৩ বিলিয়ন ডলার, যেখানে ২০২৩-২৪ অর্থবছরে ৩০ দশমিক ৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। এরমধ্যে সর্বশেষ গত জুন মাসে ৩ দশমিক ৪০৬ বিলিয়ন ডলার পাঠায় প্রবাসীরা, যা গত বছরের একই মাসে ছিল ৩ দশমিক ১৫৮ বিলিয়ন ডলার ।
স্টেট ব্যাংক অব পাকিস্তান আরও জানায়, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত থেকে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠানো হয়েছে। ২০২৫ সালের জুন মাসে সৌদি আরব থেকে ৮২৩ দশমিক ২ মিলিয়ন এবং সংযুক্ত আরব আমিরাত ৭১৭ দশমিক ২ মিলিয়ন রেমিট্যান্স আসে পাকিস্তানে। এছাড়া যুক্তরাজ্য থেকে ৫৩৭ দশমিক ৬ মিলিয়ন এবং যুক্তরাষ্ট্র থেকে ২৮১ দশমিক ২ মিলিয়ন ডলার আসে।
এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ রেমিট্যান্স প্রবাহে রেকর্ডে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং প্রবাসী পাকিস্তানিদের ধন্যবাদ জানিয়েছেন।
শেহবাজ শরীফের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী এই উন্নয়নে সন্তুষ্টি প্রকাশ করে বলেছেন, অর্থনৈতিক স্থিতিশীলতা আনার পর সরকার অর্থনৈতিক সমৃদ্ধির জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’
এতে আরও বলা হয়, ‘রেমিট্যান্সের রেকর্ড বৃদ্ধি প্রবাসী পাকিস্তানিদের মূল্যবান অবদান এবং জাতীয় অর্থনীতিতে তাদের আস্থার প্রতিফলন ঘটায়।’
সূত্র: ডন