জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূমিদাতার শততম মৃত্যুবার্ষিকী পালন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূমিদাতার শততম মৃত্যুবার্ষিকী পালন

সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ও দানবীর কিশোরী লাল রায় চৌধুরীর শততম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনে এক প্রার্থনা সভার আয়োজন করা হয়। প্রয়াত এই শিক্ষানুরাগীর আত্মার শান্তি কামনায় আয়োজিত সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।

এ আয়োজনের তত্ত্বাবধানে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রবিউল আউয়াল।

প্রার্থনা সভায় কিশোরী লাল রায়ের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে ছাত্রদল নেতা রবিউল আউয়াল বলেন, আমরা আজ যে বিশ্ববিদ্যালয়ে পড়ছি, তার ভিত্তি গঠনে কিশোরী লাল রায়ের অবদান অনস্বীকার্য। তাঁর দানশীলতা ও শিক্ষানুরাগ আমাদের জন্য প্রেরণার উৎস। তাঁর আত্মত্যাগ জাতি চিরকাল স্মরণে রাখবে।

শিক্ষার্থীরাও বলেন, কিশোরী লাল রায়ের ঐতিহাসিক অবদানের ফলেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় আজকের এই অবস্থানে পৌঁছেছে। তাঁরা এমন দানবীরদের জাতির গৌরব বলে উল্লেখ করেন এবং তাঁর আত্মার মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করেন।

উল্লেখ্য, বালিয়াটির জমিদার এবং ব্রিটিশ সরকারের দেওয়া ‘রায়’ খেতাবপ্রাপ্ত কিশোরী লাল রায় চৌধুরী ১৮৬৮ সালে তাঁর পিতার নামে প্রতিষ্ঠা করেন জগন্নাথ স্কুল, যা পরবর্তীতে কলেজ এবং পরে বিশ্ববিদ্যালয়ে রূপ নেয়। শিক্ষার প্রসারে তাঁর এ অনন্য অবদান এদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে আছে।

এই মহৎ উদ্যোগের মধ্য দিয়ে তাঁর শততম মৃত্যুবার্ষিকী স্মরণ করলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবারের শিক্ষার্থীরা।