সিপিআর প্রশিক্ষণ পেলেন ওয়ালটন পরিবারের সদস্যরা
সংগৃহীত
হৃদরোগে আক্রান্ত ব্যক্তিকে প্রাথমিক পর্যায়ে কীভাবে সিপিআর দিতে হয় সে বিষয়ে ওয়ালটন পরিবারের সদস্যদের হাতে-কলমে প্রশিক্ষণ দিয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের ১০ সদস্যের এক বিশেষজ্ঞ চিকিৎসক টিম।
সিপিআর প্রশিক্ষণ হলো-কার্ডিওপালমোনারি রিসাসিটেশন প্রশিক্ষণ যা হৃদরোগ বা শ্বাসকষ্টে আক্রান্ত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পদ্ধতি।
শনিবার (১২ জুলাই) রাজধানীতে ওয়ালটনের করপোরেট অফিসে সিপিআর প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবল আলম।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) নজরুল ইসলাম সরকার ও ইভা রিজওয়ানা, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরীসহ অন্য বিশেষজ্ঞ চিকিৎসকরা।
সিপিআর প্রশিক্ষণে ওয়ালটন করপোরেট অফিসের বিভিন্ন স্তরের ৫ শতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে শেখানো হয় কিভাবে বুকের ওপর চাপ দিয়ে এবং কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস করিয়ে হৃদরোগে আক্রান্ত একজন ব্যক্তির হৃদস্পন্দন ও শ্বাস-প্রশ্বাস ফিরিয়ে আনতে হয়।