শেরপুরে ভারতীয় গরু ও পণ্য জব্দ

শেরপুরে ভারতীয় গরু ও পণ্য জব্দ

সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ী ও হালুয়াঘাট উপজেলার গারো পাহাড়ের সীমান্তবর্তী এলাকা থেকে ৯টি গরু ও ১৩ লাখ ৫৫ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি জানায়, শনিবার গভীর রাতে নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের চায়না মোড় এবং হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া সীমান্ত এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে ২৫০টি মোবাইল ডিসপ্লে ও একটি ইজিবাইক রয়েছে।

ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের অধীনস্থ রামচন্দ্রকুড়া বিওপির আওতাধীন চায়না মোড় শালবাগান নামক স্থানে অভিযান চালিয়ে ৯টি ভারতীয় গরু আটক করা হয়। চোরাকারবারীরা অভিনব পন্থায় ভারতীয় পণ্য ও গরু বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।

অন্যদিকে, হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া বিজিবি ক্যাম্পের টহলরত সদস্যরা গোবরাকুড়া এলাকা থেকে ২৫০টি ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সেগুলো বহনকারী একটি ইজিবাইক আটক করে।

ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।