পাওনা টাকা চাইতে গিয়ে প্রাণ হারালেন রাজমিস্ত্রি
প্রতিকী ছবি
চট্টগ্রামের লোহাগাড়ায় নির্মাণ কাজের পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত রাজমিস্ত্রি জহির উদ্দিনের (৩৮) মৃত্যু হয়েছে। বুধবার (১৬ জুলাই) রাত ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। এর আগে গত ১৩ জুলাই ছুরিকাঘাতে আহত হন তিনি।
নিহত জহির পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান নয়াপাড়া এলাকার বাসিন্দা আলী আহমদের ছেলে।
জানা গেছে, নয়াপাড়া এলাকার সাহাব উদ্দিন ও নাজিম উদ্দিনের বাড়ির কাজ করেন জহির। কাজ শেষে একাধিকবার পাওনা টাকার জন্য তাগাদা দিলেও তারা টাকা পরিশোধ করেননি। গত ১৩ জুলাই সকাল ১০টার দিকে টাকা চাইতে গেলে জহিরের সঙ্গে দুই ভাইয়ের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সাহাব ও নাজিম তার ওপর হামলা চালায়। তারা ধারালো ছুরি দিয়ে জহিরের পেটে আঘাত করলে তার নাড়িভুঁড়ি বেরিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়া হয়।
নিহতের ভাই বশির আহমদ বলেন, ‘আমার ভাই বাড়ির নির্মাণ কাজ করে পাওনা টাকা চাইতে গিয়েছিল। কিন্তু বিনিময়ে তাকে নির্মমভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ নৃশংস ঘটনার পরপরই অভিযুক্ত ওই দুজন এলাকা ছেড়ে পালিয়ে গেছে।’
পুটিবিলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইকবাল হোসেন বলেন, ‘কাজের টাকা চাওয়া নিয়ে এমন নির্মম ঘটনার শিকার হতে হলো জহিরকে। ’
লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের একটি বিশেষ দল কাজ করছে।’