গোপালগঞ্জে সংঘর্ষে গুলিবিদ্ধ রিকশাচালকের মৃত্যু
প্রতিকী ছবি।
গোপালগঞ্জে সংঘর্ষে গুলিবিদ্ধ রিকশাচালক রমজান মুন্সি (৩২) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে (১৮ জুলাই) তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
রমজানের ভাই ইমরান মুন্সি জানান, গত বুধবার বেলা আড়াইটার দিকে রমজান অটোরিকশা নিয়ে বের হলে গুলিবিদ্ধ হন। তার ডান হাতের কব্জির ওপর ও ডান বগলে গুলি লাগে। এরপর গুরুতর অবস্থায় প্রথমে স্থানীয় একটি হাসপাতালে, পরে সেখান থেকে তাকে ঢামেকে আনা হয়। বৃহস্পতিবার রাতে সেখানে তিনি মারা যান।
রমজান মুন্সির আরেক ভাই হীরা মুন্সি বলেন, “ঘটনার দিন দুপুরে গোপালগঞ্জ শহরের সিনেমা হলের পাশে রিকশা থেকে যাত্রী নামিয়ে ফেরার পথে সংঘর্ষে পড়ে রমজান গুলিবিদ্ধ হন।”
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, “গোপালগঞ্জ সদর এলাকা থেকে নিয়ে আসা রমজান মুন্সি চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা গেছেন। তার মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।”
তিনি আরও জানান, গোপালগঞ্জের সংঘর্ষে গুলিবিদ্ধ আরও দুজন সুমন বিশ্বাস (৩০) ও আব্বাস আলী (৩০) ঢামেক হাসপাতালে ভর্তি রয়েছেন।
গত বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জ শহরে এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে এলাকা। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সংঘর্ষে অন্তত চার জন নিহত হন।
মঙ্গলবার থেকেই গোপালগঞ্জে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছিল। বুধবার সকালে এনসিপি নেতাদের গাড়িবহর শহরে প্রবেশের আগেই পুলিশের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগের মাধ্যমে সহিংসতার সূচনা হয়। পরে ইউএনওর গাড়িতেও হামলার ঘটনা ঘটে।
বেলা দেড়টার দিকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পৌর পার্ক এলাকায় এনসিপির সমাবেশ মঞ্চে হামলা চালান। এরপর দুপুর পৌনে ৩টার দিকে শহরের লঞ্চঘাট এলাকায় গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে ফের সংঘর্ষ শুরু হয়।
একপর্যায়ে পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীদের ত্রিমুখী সংঘর্ষে শহর রণক্ষেত্রে পরিণত হয়। নিরাপত্তার কারণে এনসিপির নেতারা পুলিশ সুপার কার্যালয়ে আশ্রয় নেন এবং পরে সেনাবাহিনীর সাঁজোয়া গাড়িতে করে ওই স্থান ত্যাগ করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই দিন দুপুরে ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন। সন্ধ্যায় কারফিউ জারি করেও সহিংসতা থামানো যায়নি।