গাইবান্ধার সাদুল্লাপুরে স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল

গাইবান্ধার সাদুল্লাপুরে স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল

ছবিঃ সংগৃহীত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় স্ত্রীকে তালাক দিয়ে স্বামী হৃদয় মিয়া মহাআনন্দে ২৫ কেজি দুধ দিয়ে গোসল করেছেন।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার ইদিলপুর ইউনিয়নের তরফপাহাড়ী গ্রামের জমিদার বাজারে এ ব্যতিক্রমী ঘটনা ঘটে। তালাক কার্যকর হওয়ার পরপরই হৃদয়ের পরিবার গান-বাজনার আয়োজন করে এবং তাকে দুধ ঢেলে গোসল করানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে একই গ্রামের রিয়া মনিকে ২ লাখ ৮৫ হাজার টাকা দেনমোহরে বিয়ে করেন হৃদয়। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে নানা বিষয় নিয়ে কলহ লেগেই থাকত। শেষ পর্যন্ত দুই পরিবারের আলোচনায় বৃহস্পতিবার তালাকের সিদ্ধান্ত হয় এবং রিয়ার বাবার হাতে মোহরানার পুরো অর্থ বুঝিয়ে দেওয়া হয়।

তালাক কার্যকর হওয়ার পরপরই হৃদয়ের পরিবার গান-বাজনার আয়োজন করে এবং তাকে দুধ ঢেলে গোসল করানো হয়। দুধ দিয়ে গোসল করানোর খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ ভিড় জমায় ঘটনাস্থলে। 

সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি ঘিরে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

এ বিষয়ে হৃদয় জানান, বিয়ের পর থেকেই সংসারে অশান্তি ছিল, অনেক চেষ্টা করেও মীমাংসা সম্ভব হয়নি। তাই বাধ্য হয়ে তালাক দিতে হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইদিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান বলেন, “বিষয়টি আমি বিভিন্ন মাধ্যমে শুনেছি। স্থানীয়ভাবে মানুষজন এ নিয়ে আলোচনা করছে।”