ধামরাইয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, যুবক গ্রেপ্তার
ছবি : প্রতীকি
ঢাকার ধামরাইয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে হাফিজুর রহমান বাবু (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন ধামরাই থানা পুলিশ। রোববার উপজেলার যাদবপুর ইউনিয়নের গাওতারা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (২১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম।
তাকে গত ১৫ জুলাই রাতে ধামরাইয়ে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের ঘটনায় বাদি হয়ে ধামরাই থানা পুলিশের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তার হাফিজুর রহমান বাবু ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের বাস্তা এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘ দিন ধরে অবৈধভাবে বালু মহল পরিচালনা করছেন।
ধামরাই থানা পুলিশ জানায়, ধামরাইয়ের বিভিন্ন নদীতে একটি চক্র দীর্ঘ দিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এই ঘটনায় গত ১৫ জুলাই ৮ জনের নাম উল্লেখসহ আজ্ঞাতদের বিরুদ্ধে ধামরাই থানা পুলিশ বাদি হয়ে মামলা করে। ধামরাইয়ের গাওতারা এলাকায় বালু উত্তোলনে জড়িত হাফিজুর রহমান বাবুকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনে জড়িত থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।
তিনি বলেন, অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নেওয়া হয়েছে। এমন ঘটনায় পুলিশ তৎক্ষণাৎ আইনগত ব্যবস্থা নেবে।
এজন্য সাধারণ জনগণকে পুলিশকে সহায়তা করার আহ্বান জানান তিনি।