অবশেষে ভারতের মাটি ছাড়ছে আটকা পড়া ব্রিটিশ যুদ্ধবিমান

অবশেষে ভারতের মাটি ছাড়ছে আটকা পড়া ব্রিটিশ যুদ্ধবিমান

ছবিঃ সংগৃহীত।

অবশেষে ভারতের মাটি ছাড়তে যাচ্ছে আটকা পড়া ব্রিটিশ যুদ্ধবিমান। মঙ্গলবার (২২ জুলাই) এটি উড়াল দেবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা। ব্রিটিশ সংবাদনাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ওই ব্যক্তি বলেছেন, এফ-৩৫বি মডেলের বিমানটিকে সোমবার হ্যাঙ্গার থেকে বের করা হচ্ছে। আগামীকাল এটি রওয়ানা করার কথা। এর বেশি তথ্য আমাদের জানা নেই।

গত ১৪ জুন খারাপ আবহাওয়ার কবলে পড়ে কেরালা রাজ্যের থিরুভানানথাপুরাম বিমানবন্দরে জরুরি অবতরণে বাধ্য হয় উচ্চপ্রযুক্তির এই যুদ্ধবিমান। তবে এরপর বাহনটিতে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। প্রায় পাঁচ সপ্তাহ ধরে অত্যাধুনিক একটি যুদ্ধবিমান বিদেশের মাটিতে অবস্থান করা নিয়ে একাধিক মহলে বিভিন্ন রকম আলোচনা শুরু হয়। ব্রিটিশ হাউজ অব কমন্সেও ১১ কোটি মার্কিন ডলার মূল্যমানের বিমানটি নিয়ে একাধিকবার আলোচনা হয়েছে।

এদিকে, কেরালার বিমানবন্দরে একাকী দাঁড়িয়ে থাকা বাহনটির ছবি নিয়ে অনেকে অনলাইনে রসিকতা করতে ছাড়ছেন না। ছবির ক্যাপশনে তারা লিখছেন, 'স্রষ্টার দেশ' হিসেবে খ্যাত কেরালার প্রাকৃতিক সৌন্দর্য এতোটাই মনোরম, একটা বিমানও এখান থেকে যেতে চাইছে না। তাই এটি মেরামত না হওয়ার পণ গ্রহণ করেছে!

নির্মাণকারী প্রতিষ্ঠান লকহিড মার্টিনের তৈরি এফ-৩৫বি যুদ্ধবিমানগুলো অতি অত্যাধুনিক গুপ্ত জেট (স্টেলথ জেট, যা প্রতিপক্ষের রাডার বা অন্য কোনও শনাক্তকারী প্রযুক্তি এড়ানোতে দক্ষ)। এগুলোর বিশেষত্বের মধ্যে রয়েছে দ্রুত উড়াল দেওয়া (শর্ট টেক অফ) এবং খাড়াভাবে অবতরণ সক্ষমতা।

এইচএমএস প্রিন্স অব ওয়েলস বহরের যুদ্ধবিমানটি ফিরতে অসমর্থ হলে, এটি মেরামতের জন্য ব্রিটিশ রয়্যাল নেভির পতাকাবাহী জাহাজে করে বিশেষজ্ঞদের আনা হয়।

তাদের প্রায় ১৫ দিনের পণ্ডশ্রমের পর ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, উড়োজাহাজটি মেরামতের জন্য ১৪ জন প্রকৌশলীর একটি দল পাঠানো হবে। এই দলও মেরামতের কাজে ব্যর্থ হলে, বিমানটির যন্ত্রাংশ বিচ্ছিন্ন করে বহন করার ব্যবস্থা করা হতো বলে অনেকে ধারণা করেছিলেন।

গত দু সপ্তাহ ধরে, এফ-৩৫বি'র বিষয়ে বিবিসির সঙ্গে ভারতের ব্রিটিশ হাই কমিশন কথা বলতে সম্মত হলেও, মেরামতের অগ্রগতির বিষয়ে তথ্য দিতে অস্বীকৃতি জানায়।