জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ: প্রধান বিচারপতি

জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছাত্র-ছাত্রীসহ বহু হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলামের সই করা গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় দুর্ঘটনায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি। একইসঙ্গে তিনি এই দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

প্রধান বিচারপতি বলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় বিমানসেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীসহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, প্রধান বিচারপতি এরইমধ্যে সুপ্রিম কোর্ট এর রেজিস্ট্রার জেনারেলসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বার্ন ইউনিটে চিকিৎসারত আহতদের খোঁজ খবর নেওয়ার এবং প্রয়োজনীয় সহযোগীতার জন্য নির্দেশনা দিয়েছেন।