বান্দরবানে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
ছবি : প্রতীকি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে অপহরণের ৪দিন মাথায় ছৈয়দ নুর (৩১) নামে এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে। সোমবার বিকেলে ঘুমধুম ইউনিয়নের আজুখাইয়া গ্রামের ঢলুবনিয়া পাহাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন ২জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ২ জন হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। ময়নাতদন্তের মরদেহটি জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত ছৈয়দ নুর কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের দরগাহবিল বাগানপাড়া এলাকার বাসিন্দা।
ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাফর ইকবাল জানান, পাওনা টাকার বিষয় নিয়ে গত ১৮ জুলাই ছৈয়দ নুরকে অপহরণ করে অপহৃতরা। এ ঘটনায় তার স্ত্রী জোবাইদা বেগম নাইক্ষ্যংছড়ি থানায় মামলা দায়ের করে। পরে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যৌথ অভিযান চালিয়ে ঢলুবনিয়ার পাহাড় থেকে ছৈয়দ নুরের গলিত মরদেহ উদ্ধার করা হয়।
আটককৃতরা হচ্ছে, ঘুমধুম ইউনিয়নের আজুখাইয়া গ্রামের বাসিন্দা ইসমাইল (২৬) এবং কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ১ এর বাসিন্দা রহমত উল্লাহ।