কারিগরি বোর্ডের পরীক্ষা নিয়ে যে সিদ্ধান্ত
ফাইল ছবি
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আগামী দুদিনের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আগামী ২৩ ও ২৪ জুলাই অনুষ্ঠিতব্য এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল), ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ও সার্টিফিকেট ইন মেরিন ট্রেড শিক্ষাক্রমসহ সব পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত ঘোষণা করা হলো। স্থগিত পরীক্ষার তারিখ পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
অন্যান্য দিনের পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এর আগে, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। এ কথা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার সকাল সোয়া সাতটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট এক পোস্টে তিনি এ কথা জানান।
রুটিন অনুযায়ী আজ মঙ্গলবার (২২ জুলাই) রসায়ন (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র/ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র (মানবিক শাখা)/ইতিহাস দ্বিতীয় পত্র/গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র/উত্পাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল।
বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান গতকাল সোমবার বেলা একটার কিছুক্ষণ পর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। আইএসপিআর জানিয়েছে, এ ঘটনায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দেড় শতাধিক।
মাইলস্টোনের ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছে।