বার্ন ইনস্টিটিউটের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা

বার্ন ইনস্টিটিউটের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা

ছবি : সংগৃহীত

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলের কাছে বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় আহতদের চিকিৎসা নির্বিঘ্ন রাখেতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বর্তমানে এই হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪৩ জন আহত শিক্ষার্থীসহ মোট ১৬৪ জন। 

দুর্ঘটনার পরদিন থেকেই হাসপাতালে স্বজনদের ভিড় বাড়তে থাকায় রোগীদের সংক্রমণের ঝুঁকি এড়াতে এবং চিকিৎসা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

বুধবার (২৩ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতাল চত্বরজুড়ে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, আনসার এবং রোভার স্কাউট সদস্যরা মোতায়েন রয়েছেন। শুধু রোগী, তাদের নির্ধারিত স্বজন এবং হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মীরাই ভেতরে প্রবেশের অনুমতি পাচ্ছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানান, “চিকিৎসাধীন শিক্ষার্থীদের যেন কোনো ধরনের ইনফেকশনের ঝুঁকিতে না পড়তে হয়, সে লক্ষ্যেই এই নিরাপত্তা ব্যবস্থা। হাসপাতাল কর্তৃপক্ষ স্বজনদের প্রবেশ সীমিত করেছে।”

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি চিকিৎসা সেবা সচল রাখতেই ভিড় নিয়ন্ত্রণ ও অননুমোদিত ব্যক্তিদের প্রবেশ বন্ধের ব্যবস্থা নেওয়া হয়েছে। এই হাসপাতালটি রাজধানীর একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা কেন্দ্র হওয়ায় বর্তমানে এখানে সর্বোচ্চ সতর্কতায় চিকিৎসা সেবা চালু রয়েছে।

এদিকে, দুর্ঘটনার শিকার পরিবারের সদস্যরা স্বজনদের জন্য উদ্বিগ্নভাবে হাসপাতালের বাইরে অপেক্ষা করছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করে হাসপাতাল চত্বরে চলছে প্রার্থনাও।