রাজধানীতে যুবলীগ নেতা পিচ্চি শাহীনসহ গ্রেপ্তার ৪

রাজধানীতে যুবলীগ নেতা পিচ্চি শাহীনসহ গ্রেপ্তার ৪

প্রতিকী ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসংক্রান্ত হত্যাচেষ্টা মামলার আসামি সাবেক কমিশনার রাজীব ও সন্ত্রাসী যোসেফের সহযোগী যুবলীগ নেতা মো. শাহীন কাজী ওরফে পিচ্চি শাহীনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, বৃহস্পতিবার (২৪ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল রাজধানীর মোহাম্মদপুর এলাকার সাত মসজিদ এলাকায় অভিযান চালিয়ে মো. শাহীনকে (৪০) গ্রেপ্তার করে।

এ ছাড়া পৃথক অভিযান পরিচালনা করে রাজধানীর মোহাম্মদপুর থানার কৃষি মার্কেট ও বসিলা এলাকা এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা থেকে মো. গুড্ডু (৩৮), মো. শফিকুল ইসলাম (৪৮), মো. সেলিম (৩২) নামে আরও তিন আসামিকে গ্রেপ্তার করে র‌্যাব।

শুক্রবার (২৫ জুলাই) দুপুরে র‍্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) খান আসিফ তপু গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, সাম্প্রতিক সময়ে সরকারকে অস্থিতিশীল করতে তারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বেআইনি বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নেয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত শাহীন কাজী ওরফে পিচ্চি শাহীনের এর বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানায় একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে। গুড্ডুর বিরুদ্ধে আদাবর থানায় একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে। শফিকুল ইসলামের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে ও সেলিমের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা রয়েছে।