তালতলীতে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা-স্বর্ণালংকার লুট
ছবি : সংগৃহীত
বরগুনার তালতলী উপজেলার পচা কোরালিয়া ইউনিয়নের বড়পাড়া গ্রামে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা-স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে।শনিবার (২৬ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে মালয়েশিয়া প্রবাসী নাসির পাটোয়ারীর বাড়িতে সংঘবদ্ধ এক ডাকাত দল এই হামলা চালায়।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, ১০–১২ জনের এক ডাকাত দল ঘরের মাটির নিচ দিয়ে গর্ত করে ভেতরে ঢুকে পড়ে। এরপর অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর স্ত্রী মনিকা বেগম (৪২), কন্যা নাহিদা (২৫) ও আদুরী (২২), বাবা আনোয়ার হোসেন এবং শাশুড়িকে বেঁধে ফেলে। পরে ঘরে থাকা নগদ ৫ লাখ ৩০ হাজার টাকা, প্রায় ৭ ভরি স্বর্ণালংকার এবং দুটি মোবাইল ফোন লুট করে নেয় ডাকাত দল। একই রাতে ডাকাতদল পাশের বাড়ি জসিম পাটোয়ারীর বাড়িতেও হানা দেয়। সেখান থেকে একটি মোবাইল ফোন লুট করে এবং ঘরের বাহির থেকে দরজা আটকে পালিয়ে যায়। ডাকাতির এই ঘটনায় পুরো বড়পাড়া গ্রামে চরম আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত ডাকাতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কার্যক্রম শুরু করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারে পদক্ষেপ নেওয়া হবে