চাঁদপুরে বিএনপির ৩ নেতা বহিষ্কার

চাঁদপুরে বিএনপির ৩ নেতা বহিষ্কার

ফাইল ছবি

চাঁদাবাজি, দখলদারি, ভয়ভীতি প্রদর্শনসহ নানা ধরনের অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বিএনপির তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে সংগঠনের প্যাডে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষর রয়েছে।

বহিষ্কার করা নেতারা হলেন— চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ইমাম হোসেন হাজী, জেলা বিএনপির সদস্য ও ছেঙ্গারচর পৌর বিএনপি সহ-সভাপতি আব্দুল মান্নান লস্কর, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ভুঁইয়া। তাদের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে, এই তিন নেতার মধ্যে আব্দুল মান্নান লস্কর কারাগারে রয়েছেন। তিনি মতলব উত্তর উপজেলার গরু ব্যবসায়ী আহম্মদ উল্লার দায়ের করা চাঁদাবাজি মামলায় কারাগারে রয়েছেন।

চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্ল্যা সেলিম জানান, তিন নেতার বহিষ্কারের বিষয়টি বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে জেনেছেন। তবে এর সত্যতা যাছাই করা হয়নি এবং এখন পর্যন্ত অফিসিয়ালি কিছু জানেন না।