কুয়াকাটা সৈকতে গোসলে নেমে কিশোর নিখোঁজ
ছবি : প্রতীকি
কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে মিঞা সামাদ সিদ্দিকী পারভেজ (১৭) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন।
বুধবার (৬ আগস্ট) সকাল ১১টার দিকে সৈকতের জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, সামাদ খুলনার খালিশপুর এলাকার বাসিন্দা এবং সাত বন্ধুর সঙ্গে ভ্রমণে কুয়াকাটায় এসেছিলেন। তারা সোমবার একটি আবাসিক হোটেলে ওঠেন। মঙ্গলবার সকালে পাঁচ বন্ধু একসঙ্গে সৈকতে গোসলে নামলে সাঁতার না জানা সামাদ ঢেউয়ের তোড়ে সাগরে তলিয়ে যায়। বাকিরা ঢেউয়ের সঙ্গে লড়াই করে তীরে উঠতে পারলেও সামাদকে আর খুঁজে পাওয়া যায়নি।
স্থানীয় প্রত্যক্ষদর্শী হারুন বলেন, ছেলেটি পানিতে হাত উঁচিয়ে সাহায্য চাইছিল। আমরা দৌড়ে এগোনোর আগেই সে তলিয়ে যায়।
নিখোঁজ সামাদের সঙ্গী সেলিম রেজা বলেন, আমরা ঘুরতে এসে এভাবে একজনকে হারিয়ে ফেলবো ভাবিনি। খুবই চিন্তিত আমরা।
কলাপাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার শাহাদাত হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ এবং স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান চালাচ্ছি। পটুয়াখালী থেকে ডুবুরি দলও ঘটনাস্থলে আসছে।
কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, নিখোঁজ পর্যটককে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে। ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের যৌথ অভিযান অব্যাহত রয়েছে।