রেসিপি : আমড়ার আচার
ছবিঃ সংগৃহীত।
বাজারে আমড়া উঠে গেছে। মজাদার আমড়ার আচার বানিয়ে সংরক্ষণ করতে পারেন বছরজুড়ে। টক-ঝাল-মিষ্টি আমড়ার আচার বানানোর রেসিপি জেনে নিন।
এক কেজি আমড়ার খোসা ছাড়িয়ে পানিতে ডুবিয়ে ধুয়ে নিন। পানি ঝরিয়ে মুছে নিন আমড়াগুলো। এরপর ছোট টুকরা করে কেটে নিন, আঁটি ফেলে দেবেন। ১ চা চামচ লবণ ও ১ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে মেখে রাখুন টুকরাগুলো।
আচারের জন্য বিশেষ একটি মসলা তৈরি করে নিন। একটি বাটিতে ৪ কোয়া রসুন, ১ চা চামচ আস্ত ধনিয়া, ১ চা চামচ পাঁচফোড়ন, ১ চা চামচ সরিষা, তিনটি শুকনা মরিচ ও অল্প পানি নিয়ে নিন। মিশ্রণটি ব্লেন্ড করে নিন।
চুলায় প্যান বসিয়ে আধা কাপ সরিষার তেল নিন। আস্ত গরম মসলা, শুকনা মরিচ ও কয়েক কোয়া রসুন দিন। কিছুক্ষণ ভেজে আগে থেকে ব্লেন্ড করে রাখা মসলা দিয়ে কষিয়ে নিন। আধা চা চামচ হলুদের গুঁড়া দিয়ে নাড়ুন। মেখে রাখা আমড়ার টুকরা দিয়ে নেড়েচেড়ে ভেজে নিন। চুলার আঁচ কম থাকবে।
স্বাদ মতো চিনি, আধা কাপ তেঁতুলের ক্বাথ ও আধা কাপ পানি দিন। কিছুক্ষণ জ্বাল করুন। ফুটে উঠলে চুলার আঁচ কমিয়ে ঢেকে দিন প্যান। কয়েক মিনিট পর ঢাকনা উঠিয়ে নাড়ুন। আঠালো হয়ে গেলে ও রঙ বদলে গেলে আধা চা চামচ বিট লবণ ও ১ চা চামচ ভিনেগার দিয়ে দিন। ১ চা চামচ চিলি ফ্লেকস দিয়ে নেড়েচেড়ে বন্ধ করে দিন চুলা। ঠান্ডা হলে কাচের বয়ামে সংরক্ষণ করুন আমড়ার আচার।