জনগণের ভোটে নির্বাচিত সরকার চায় বিএনপি: নজরুল ইসলাম খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশের জনগণ এমন একটি সরকার চায়, যারা জনগণের ভোটে নির্বাচিত হবে এবং জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। তিনি বলেন, বিএনপির লড়াই কেবল ফ্যাসিবাদের পতনের জন্য নয়, বরং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য।
বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর টাউন হল চত্বরে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত বিজয় মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নজরুল ইসলাম খান আরও বলেন, “গতকাল (৫ আগস্ট) প্রধান উপদেষ্টা মহোদয় নির্বাচনের একটি সম্ভাব্য সময় ঘোষণা করেছেন। আমরা তাকে ধন্যবাদ জানাই। তিনি লন্ডনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা রক্ষা করেছেন। তবে তারিখ ঘোষণা করা তার এখতিয়ার নয়—এটি নির্বাচন কমিশনের দায়িত্ব। তিনি নির্বাচন কমিশনকে চিঠি দেবেন। আমরা আশা করি, কমিশন যত দ্রুত সম্ভব নির্বাচনের তারিখ ঘোষণা করবে।”
সমাবেশে মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দের সঞ্চালনায় বক্তব্য রাখেন দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
এ সময় মঞ্চে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন।
সমাবেশ শেষে একটি বিশাল বিজয় মিছিল নগরীর টাউন হল থেকে শুরু হয়ে স্টেশন রোড চত্বরে গিয়ে শেষ হয়। এতে ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।