দর্শনা সীমান্ত থেকে আড়াই কেজি স্বর্ণসহ আটক ১
ছবিঃ সংগৃহীত।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্ত থেকে প্রায় আড়াই কেজি স্বর্ণসহ আবদিন মিয়া নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে ২১টি স্বর্ণবার উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৩ কোটি ৬০ লাখ ৪০ হাজার ৮৯০ টাকা।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, স্বর্ণ পাচারের গোপন সংবাদে বৃহস্পতিবার দুপুরে ঈশ্বরচন্দ্রপুর গ্রামে অভিযান চালানো হয়। বেলা সাড়ে ১২টার দিকে একটি মোটরসাইকেলে দুই ব্যক্তিকে সীমান্তের দিকে যেতে দেখে বিজিবি তাদের থামানোর চেষ্টা করে।
এ সময় চালক পালিয়ে গেলেও অপর আরোহী আবদিন মিয়া পাশের একটি পুকুরে লাফিয়ে পড়ে আত্মরক্ষার চেষ্টা করে। পরে তাকে আটক করা হয়।
আটককৃত আবদিন মিয়া জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের আনার আলীর ছেলে। তার কাছ থেকে উদ্ধার করা দুটি প্যাকেট থেকে ২১টি স্বর্ণের বার পাওয়া গেছে।পরে তাকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।