পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ৪
সংগৃহীত
পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়ার দক্ষিণ ওয়াজিরিস্তানের উপজেলায় ওয়ানা বাজারের ব্যস্ততম এলাকায় বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে একটি পুলিশ ভ্যানকে লক্ষ্য করে পেতে রাখা বোমা বিস্ফোরণে অন্তত চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৪ জন, যাদের মধ্যে দুইজন পুলিশ সদস্যও রয়েছেন।
তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এই প্রাণঘাতী হামলার দায় স্বীকার করেনি। তবে অতীতের অনুরূপ হামলার জন্য নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-কেই দায়ী করে থাকেন কর্মকর্তারা। এই সংগঠনটি আফগানিস্তানের সীমান্তবর্তী নিরাপদ ঘাঁটি থেকে পরিচালিত হচ্ছে বলে ধারণা।
পুলিশ জানায়, হামলায় তাদের গাড়িটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের সময় আশপাশে থাকা সাধারণ পথচারী ও দোকানদাররাই মূলত হতাহত হয়েছেন। সকাল বেলা জনাকীর্ণ সময়ে, বাজারের প্রধান ট্যাক্সি স্ট্যান্ডের কাছে বোমাটি বিস্ফোরিত হয়, যা বাজারে ব্যাপক আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টি করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ ভ্যানটি ট্যাক্সি স্ট্যান্ডের কাছে আসার কিছুক্ষণ পরই বোমা বিস্ফোরিত হয়। আশপাশের দোকানের কাচ ভেঙে যায় এবং হুড়োহুড়ার দৃশ্য তৈরি হয়। তাৎক্ষণিকভাবে উদ্ধারকারী দল ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়, যেখানে জরুরি অবস্থা জারি করা হয়।
হাসপাতালের চিকিৎসকেরা নিশ্চিত করেন, চারজন বেসামরিক নাগরিক হাসপাতালে মারা গেছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। আহত দুই পুলিশ সদস্য ওই ভ্যানে ছিলেন, যা সামান্য ব্যবধানে সরাসরি আঘাতের হাত থেকে রক্ষা পায়।
সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন