বাবর-রিজওয়ানের প্রত্যাবর্তনের দিনে সহজ জয় পাকিস্তানের

বাবর-রিজওয়ানের প্রত্যাবর্তনের দিনে সহজ জয় পাকিস্তানের

ছবি : সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ঘরে তোলার পর ওয়ানডেতেও ভালো শুরু পেয়েছে পাকিস্তান। প্রথম ওয়ানডেতে ক্যারিবিয়ানদের ৫ উইকেটে হারিয়েছে ম্যান ইন ব্লুরা। ৬৩ রানের দায়িত্বশীল ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছে অভিষিক্ত হাসান নওয়াজ। সেই সঙ্গে এই ম্যাচ দিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তন হয়েছে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের।

শনিবার (৯ আগস্ট) ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে আগে ব্যাট করে পাকিস্তানকে ২৮০ রানের লক্ষ্য দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে নেমে  ৫ বল এবং ৫ উইকেট হাতে রেখেই জয় তুলে নিয়েছে পাকিস্তান।

চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি পাকিস্তান।  দলীয় ১৬ রানে সাজঘরে ফেরেন ওপেনার সাইম আইয়ুব (৫)। আরেক ওপেনার আব্দুল্লাহ শফিক করেন ২৯ রান। এরপর দলের হাল ধরেন  ৪ মাস পর জাতীয় দলে ফিরা বাবর আজম ও রিজওয়ান।

৬৪ বলে ৫ চার ও এক ছক্কায় ৪৭ রান করেন বাবর এবং রিজওয়ান ৬৯ বলে ৪টি চারে ৫৩ রান করেছেন। সাবেক ও বর্তমান দুই অধিনায়কের পর সালমান আগা ফেরেন মাত্র ২৩ রান করে। ফলে ১৮০ রানে ৫ উইকেট হারায় পাকিস্তান। 

বাকি সময়টা দলকে এগিয়ে নিয়ে গেছেন অভিষিক্ত হাসান নওয়াজ ও হুসাইন তালাত। দুজনের অপরাজেয় ১০৪ রানের জুটিতে ৫ বল এবং ৫ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় পাকিস্তান।  হাসান ৫৪ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৬৩ এবং তালাত ৩৭ বলে ৪ চার ও এক ছক্কায় ৪০ রানে থাকেন অপরাজিত। 

এর আগে, ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি উইন্ডিজদের। দলীয় এবং ব্যক্তিগত মাত্র ৪ রানেই তারা ওপেনার ব্রেন্ডন কিংকে হারায়। সেই ধাক্কা সামলে ৭৭ রানের জুটি গড়েন লুইস ও কেসি কার্টি। ৩৯ বলে কার্টি ৩০ রানে ফিরলে সেই জুটি ভাঙে। 

এরপর থিতু হয়েও ইনিংস বড় করতে ব্যর্থ হচ্ছিলেন ক্যারিবীয় ব্যাটাররা। যা নিয়ে স্বাগতিকরা টি-টোয়েন্টি সিরিজেও ভুগেছে। লুইস ৬২ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৬০, শাই হোপ ৭৭ বলে ৪ চারে ৫৫ এবং রোস্টন চেজ ৫৪ বলে ৪ চার ও ২ ছক্কায় ৫৩ রান করেন।

শেষদিকে ক্যারিবীয়দের পুঁজিটা বেড়েছে মূলত চেজ ও গুদাকেশ মোতির কল্যাণে। ২১৫ রানে ৬ উইকেট হারিয়ে হোপের দলটি বড় পুঁজি পাওয়া নিয়ে শঙ্কায় ছিল। যদিও চেজ ফিফটি করার পরই নাসিম শাহ’র স্লোয়ার ডেলিভারিতে হালকা চালে ব্যাট চালিয়ে বাউন্ডারিতে ধরা পড়েন। ১৮ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩০ রানের ক্যামিও ইনিংস খেলেছেন মোতি। এতে ২৮০ রানের পুঁজি পায় ক্যারিবিয়ানরা।