চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
প্রতিকী ছবি
চট্টগ্রামের ফটিকছড়িতে ধানক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. কামাল উদ্দীন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ডলু আড়ালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত কামাল উদ্দীন দৌলত সর্দার বাড়ির শামসুল আলমের ছেলে। তার তিন বছরের এক সন্তান রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বিদ্যুতের কাজ করতে ধানক্ষেতে নামেন কামাল। এ সময় আগে থেকে ছিঁড়ে পড়ে থাকা বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ বলেন, ধানক্ষেতে ছিঁড়ে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে।