বিসিবির বাড়ি প্রতিশ্রুতি, অনিশ্চিত ঋতুপর্ণার জমি

বিসিবির বাড়ি প্রতিশ্রুতি, অনিশ্চিত ঋতুপর্ণার জমি

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় নারী ফুটবল দলের তারকা ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমাকে বাড়ি নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তবে কোথায় সেই বাড়ি হবে তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

২০২২ সালে প্রথম উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর তৎকালীন সরকারের পক্ষ থেকে ঋতুপর্ণা, মনিকা চাকমা ও রূপনা চাকমাদের বাড়ি করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়। মনিকা ও রূপনার বাড়ি নির্মাণ শেষ হলেও ঋতুপর্ণার বাড়ি এখনও হয়নি।

সরকার রাঙামাটির কাউখালি উপজেলার ঘাগড়া ইউনিয়নে ঋতুপর্ণাকে ১২ শতক জমি বরাদ্দ দিয়েছিল। কিন্তু তিন বছর পার হলেও জমিটি রেজিস্ট্রি হয়নি।

গণমাধ্যমকে ঋতুপর্ণা বলেন, ‘ঘাগড়াতে আমাকে যে জমি দিয়েছিল সরকার, আমি সেখানে বাউন্ডারি করেছি। বাড়ির প্ল্যান তৈরি করেছি নিজের টাকা খরচ করে। কিন্তু তিন বছর হয়ে গেল, এখনও সেই জমি আমাকে রেজিস্ট্রি করে দেওয়া হয়নি। আমাকে শুধু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এখন শুনছি আমাকে নতুন জায়গা দিবে। জানি না কোথায় বাড়িটি হবে। তবে আমি চাই, সরকার আমাকে যেখানে জমি দিতে চেয়েছিল, সেখানেই আমার বাড়িটি হোক। কারণ ওই জায়গা অনুযায়ী আমি টাকা খরচ করে প্ল্যানসহ সবকিছু করেছি। সেখানে বাড়িটি হলে আমার জন্য ভালো হয়।’

বিসিবি বাড়ি নির্মাণের জন্য নিশ্চিত মালিকানাসহ জমি চাচ্ছে। সরকারি বরাদ্দের জমি এখনো হস্তান্তর না হওয়ায় বিকল্প জায়গা প্রস্তাব করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় ক্রীড়া সংগঠকরা মনে করেন, সরকারের দেওয়া জমিতে বাড়ি হলে সেটি হবে ঋতুপর্ণার প্রতি সুবিচার। বিষয়টি নিয়ে বিসিবি ও প্রশাসনের মধ্যে আলোচনা চলছে। শিগগিরই সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।