নওগাঁ জেলা বিএনপির সম্মেলন শুরু
ছবি : সংগৃহীত
দীর্ঘ ১৫ বছর পর নওগাঁ জেলা বিএনপির সম্মেলন শুরু হয়েছে। সোমবার (১১ আগস্ট) দুপুর ১টার দিকে নওগাঁ কনভেনশন সেন্টারে জাতীয় সঙ্গীদের তালে তালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই সম্মেলনের শুভ উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক রেজাউল ইসলাম রেজুর সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি দুপুর ২টার পর প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে বক্তব্য দেওয়ার কথা রয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।
সম্মেলনে সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, রাজশাহী বিভাগ বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন এবং বগুড়া জেলা বিএনপির সভাপতি ও দ্বি- বার্ষিক সম্মেলন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক রেজাউল করিম বাদশাসহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন।
প্রধান অতিথির বক্তব্যের পর কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে জেলা বিএনপির শীর্ষ নেতারা নির্বাচিত হবেন। এই সম্মেলনে সভাপতি পদে ৮জন, সাধারন সম্পাদক ৪জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৯জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এতদিন নানা সীমাবদ্ধতায় সম্মেলন করতে না পারলেও পরিবর্তিত পরিস্থিতিতে বেশ ঘটা করে সম্মেলনের আয়োজন করেছে দলটি। ১৫ বছর পর বিএনপির সম্মেলন ঘিরে পুরো শহর সেজেছে নেতৃত্বে আসা নেতাদের ছবি, ব্যানার, ফেস্টুন আর বিলবোর্ডে। এই সম্মেলন ঘিরে ১৭ বছর হামলা, মামলা, নির্যাতন ও কারাবরনে জর্জরিত নেতাকর্মীরা ফিরে পেয়েছেন প্রাণচাঞ্চল্য।
দলীয় সূত্রে জানা যায়, সর্বশেষ ২০১০ সালে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওই সম্মেলনে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন সামসুজ্জোহা খান, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন মামুনুর রহমান। ২০১৫ সালে ওই কমিটি বিলুপ্ত হওয়ার পর সম্মেলনের মাধ্যমে আর কোনো কমিটি গঠন হয়নি। সর্বশেষ ২০২২ সালে গঠিত আহ্বায়ক কমিটির মাধ্যমে জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম চলছিলো