দেশ এখনও কল্যাণমুখী হয়ে উঠতে পারেনি: ইলিয়াস হোসেন
ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির সহসভাপতি ও আরটিভির বার্তা প্রধান ইলিয়াস হোসেন
ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির সহসভাপতি ও আরটিভির বার্তা প্রধান ইলিয়াস হোসেন বলেছেন, স্বাধীনতার অর্ধ শতাব্দী পেরিয়ে গেলেও দেশটা এখনও কল্যাণমুখী হয়ে উঠতে পারেনি। বরং বলা যায়, দেশ একটা প্রতিবন্ধীর মতো অবস্থায় রয়েছে। যারা রাষ্ট্র পরিচালনা করে, তারা যদি সঠিক পন্থায় পরিচালনা করতো, তাহলে আমাদের আলাদা করে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে ভাবতে হতো না। রাষ্ট্রের সহযোগিতায় তারা নিজেদের প্রতিষ্ঠিত করতে পারতো। আনন্দের সঙ্গে বেঁচে থাকতে পারতো।
সোমবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় রাজধানীর বেঙ্গল স্কয়ারে বিশেষ চাহিদাসম্পন্ন তরুণ-তরুণীদের জন্য ৮ দিনব্যাপী জুয়েলারি তৈরি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইলিয়াস হোসেন বলেন, দেশ ও জাতিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য অনেক মানুষ রক্ত দিয়েছে, অনেক ধরনের শপথ নিয়েছে, আবার হোঁচট খেয়ে পড়েছে। বারবার আঘাতপ্রাপ্ত হয়েছে। কিন্তু আমার মাঝেমধ্যেই মনে হয় যাদের সন্তান বিশেষ চাহিদাসম্পন্ন বা বিশেষ গুণ সম্পন্ন, তাদের চেয়েও সমস্যা রাষ্ট্র ও দেশের। এই দেশ যারা পরিচালনা করে বা রাষ্ট্রের যে কাঠামো এটা বারবার ধাক্কা খেয়েছে এবং প্রতিবন্ধিতার চরম পর্যায়ে রয়েছে।
তিনি আরও বলেন, তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানের অনেক উন্নতি হয়েছে কিন্তু মানুষের স্বভাব এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে, একজন মানুষ আরেকজন মানুষকে দেখলে বলে ‘মানবিক’ হও। অথচ মানবিক শব্দটা মানুষ থেকেই এসেছে।
ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির এই সহসভাপতি বলেন, নিজের চারপাশটাকে যদি আমরা সুন্দর করে সাজাতে পারি, তাহলে পুরো দেশটাই সুন্দর হয়ে গড়ে উঠবে। প্রত্যাশা করছি যারা এই জুয়েলারি তৈরি প্রশিক্ষণে অংশ নিয়েছেন, তারা প্রত্যেকেই উদ্যোক্তা হয়ে গড়ে উঠবেন, ‘জুয়েল’ হিসেবে প্রতিষ্ঠিত হবেন।
এসএমই ফাউন্ডেশন ও ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইন্পিরেশন ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক সৈয়দা মুনিরা ইসলাম
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক মো. আব্দুস সালাম সরদার, এসএমই ফাউন্ডেশনের পরিচালক ও বিসিআই-এর সাবেক সভাপতি শাহেদুল ইসলাম হেলাল, সংগীতশিল্পী কাণিজ সুবর্ণা ও অভিনেতা মুকিত জাকারিয়া উপস্থিত ছিলেন।
এসএমই ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক সৈয়দা সুলতানা ইয়াসমিনের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে আরটিভির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রাকিব, জেনারেল ম্যানেজার আবু সাদেক মোহাম্মদ আলীম, ডিজিটাল ও সোশ্যাল মিডিয়া প্রধান কবির আহমেদ, অনলাইন ইনচার্জ আবু আজাদ, বায়ান্ন টিভির বার্তা সম্পাদক ও ইনচার্জ জয়নাল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন।
১১ আগস্ট থেকে শুরু হওয়া এই জুয়েলারি তৈরি কর্মশালাটি চলবে ১৮ আগস্ট পর্যন্ত। এতে ১৬ জন বিশেষ চাহিদাসম্পন্ন কিশোর-কিশোরী ও তাদের মায়েরা প্রশিক্ষণ নিচ্ছেন। প্রশিক্ষণ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো এসব কিশোর-কিশোরীদের এমন দক্ষতা প্রদান করা, যাতে তারা ভবিষ্যতে নিজেদের কর্মসংস্থান তৈরি করতে পারে এবং পরিবারের ওপর নির্ভরশীল না হয়ে উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে।
প্রসঙ্গত, ২০১৫ সালে যাত্রা শুরু করে ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি। ১০ বছরের পথচলায় সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সংগঠনটি নানামুখী কার্যক্রম চালিয়ে আসছে। এরমধ্যে সুবিধাবঞ্চিত মানুষের অধিকার সম্পর্কে সমাজের বিভিন্ন স্তরে সচেতনতা তৈরি ও মানবিক মূল্যবোধ গঠনে বিশেষভাবে কাজ করছে।
পাশপাশি সচেতনতা তৈরিতে প্রচারণার অংশ হিসেবে আরটিভিতে নিয়মিত ‘হাত বাড়িয়ে দিলাম’ ও কিশোরীদের বাল্যবিয়ে-স্বাস্থ্যঝুঁকিবিষয়ক ‘সর্বজয়া’ শিরোনামে দুটি অনুষ্ঠান প্রচার করছে এই প্রতিষ্ঠান। এ ছাড়া দারিদ্র্য বিমোচন, নিরাপদ পানি, স্যানিটেশন, ও নারীর ক্ষমতায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি।