ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক মস্কোর অর্থনীতিতে বড় ধাক্কা, দাবি ট্রাম্পের

ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক মস্কোর অর্থনীতিতে বড় ধাক্কা, দাবি ট্রাম্পের

মোদি, ট্রাম্প ও পুতিন। ফাইল ছবি।

রাশিয়াকে জব্দ করতেই ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (স্থানীয় সময়) সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। মূল উদ্দেশ্যে মস্কোর অর্থনীতিকে ধ্বংস করা। আগামী ১৫ আগস্ট আলাস্কায় বৈঠকে বসার কথা রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ট্রাম্পের। তার আগেই মস্কোর বিরুদ্ধে ট্রাম্পের করা মন্তব্য নিয়ে আলোচনা শুরু হয়েছে বিশ্বে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘রাশিয়ার অবস্থা ভাল যাচ্ছে না। বিশেষ করে ওদের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নয়।

রাশিয়ার থেকে সর্বাধিক বা দ্বিতীয় সর্বাধিক দেশকে তেল কেনার জন্য সাবধান করা হয়েছিল। সেই দেশগুলিকে বলা হয়েছিল, রাশিয়ার থেকে তেল কিনলে আমরা তাদের উপর ৫০ শতাংশ শুল্ক চাপাচ্ছি। এটি একটি বড় ধাক্কা ছিল। এবার মনে হয় রাশিয়া নিজেদের দিকটা দেখবে। এত বড় দেশ, ওদের ক্ষমতা রয়েছে ভালোভাবে সবকিছু চালানোর। কিন্তু ওদের অবস্থা ভালো নয়। এই শুল্কের জন্যই ওদের অর্থনীতি টলমল।’

রাশিয়ার প্রসঙ্গে বলতে গিয়ে ভারতের নাম মুখে না আনলেও, আদপে ঘুরিয়ে নয়াদিল্লির উপর লাগু করা ৫০ শতাংশ শুল্ককেই বোঝাতে চেয়েছেন ট্রাম্প। সেটা সকলেই বুঝতে পেরেছেন।

মার্কিন প্রেসিডেন্টের দাবি ছিল, ভারত সহ কয়েকটি দেশ রাশিয়ার থেকে তেল কিনছে বলেই মস্কোর অর্থনীতি মজবুত হচ্ছে। যার ফলে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে রাশিয়া। তাই ভারতকে মস্কোর থেকে তেল কিনতে নিষেধ করেছিলেন ট্রাম্প। যদিও ভারত তাতে কর্ণপাত না করায়, একধাক্কায় ২৫ থেকে আমদানি শুল্ক ৫০ শতাংশে নিয়ে যাওয়ার কথা ঘোষণা করেন ট্রাম্প।