ভারতে আটক ৯ জনকে বাংলাদেশে ঠেলে দিলো বিএসএফ
ফাইল ছবি
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দেশটির গুজরাট রাজ্য থেকে আটক নারী ও শিশুসহ নয়জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়া হয় বলে জানান ওই ভুক্তভোগীরা।
বুধবার (১৩ আগস্ট) ভোরে উপজেলার ৮৩৮ নম্বর পিলারের কাছে ভারতের ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের বিশবাড়ি ক্যাম্পের সদস্যরা তাদের বাংলাদেশে পাঠিয়ে দেন। পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দল বুড়িমারী ইউনিয়নের মাছিরবাড়ি এলাকা থেকে তাদের আটক করে।
আটককৃতরা হলেন মৃত ইমান আলী বিশ্বাসের ছেলে মোশারফ হোসেন (৫০), তার স্ত্রী পারভিন বেগম (৪০), ছেলে মোহাম্মদ রাব্বি (২৬), রাব্বির স্ত্রী বর্ষা (২২) ও তাদের তিন বছরের মেয়ে জয়া, মোহাম্মদ নাহিদ হোসেন (২৪), মো. সজিব আলী (১৬) এবং মৃত ইমান আলীর স্ত্রী কোহিনুর নেছা (৭০)। তারা সবাই নড়াইলের লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা গ্রামের বাসিন্দা।
বিজিবি জানায়, প্রায় ১০ বছর আগে তারা সীমান্ত পেরিয়ে ভারতে গিয়েছিলেন। সম্প্রতি দেশটির গুজরাট রাজ্য থেকে তাদের আটক করে ভারতীয় পুলিশ। পরে বিএসএফ-এর মাধ্যমে তাদের বাংলাদেশে পাঠানো হয়।
এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আটকরা বর্তমানে বুড়িমারী ইউনিয়ন পরিষদের সেফ হোমে পুলিশ হেফাজতে আছে। যাচাই-বাছাই শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।