ট্রফি না জিতেও র্যাঙ্কিংয়ে শীর্ষে রিয়াল, বার্সেলোনা কোথায়?
ছবি : সংগৃহীত
বেলিংহ্যাম, ভিনিসিয়ুস জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পের মতো বিশ্বসেরা ফুটবলার নিয়েও গত মৌসুমে কোনো মেজর ট্রফি জিততে পারেনি রিয়াল মাদ্রিদ। তারপরও উয়েফা ক্লাব র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে লস ব্লাঙ্কোসরা। কিন্তু লা লিগাসহ একাধিক শিরোপা জিতেও সেরা আটে জায়গা হয়নি বার্সেলোনার।
নতুন মৌসুম শুরুর আগে ইউরোপের ক্লাবগুলোর র্যাঙ্কিংয়ের হালনাগাদ করেছে উয়েফা। যেখানে গত মৌসুমে মেজর কোনো ট্রফি জিততে না পারায় ২৬ পয়েন্ট কমলেও ১১৭.৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে রিয়াল মাদ্রিদ।
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটিকে পেছনে ফেলে দুইয়ে উঠে এসেছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। তাদের পয়েন্ট ১০৮.২৫। তাদের তুলনায় ১ পয়েন্ট কম নিয়ে তিনে অবস্থান করছে ইন্টার মিলান। সবশেষ মৌসুমের আগে ছয়ে ছিল ইতালিয়ান ক্লাবটি।
চারে নেমে যাওয়া ম্যানসিটির পয়েন্ট ১০২.৭৫। অন্যদিকে প্রিমিয়ার লিগ জিতলেও অবনতি হয়েছে আরেক ইংলিশ ক্লাব লিভারপুলের। সবশেষ মৌসুমের আগে চারে থাকা ক্লাবটি এবার ১০১.৫ পয়েন্ট নিয়ে এক ধাপ অবনমন হয়ে অবস্থান করছে তালিকার পাঁচ নম্বরে।
এদিকে নিজেদের ইতিহাসে স্মরণীয় একটি মৌসুম কাটিয়েও অবনতি হয়েছে পিএসজিরও। ৯৪.৫ পয়েন্ট নিয়ে একধাপ নিচে নেমে ছয়ে অবস্থান করছে ফরাসি ক্লাবটি। উন্নতি হয়েছে বুন্দেসলিগার রানার-আপ বায়ার লেভারকুসেনের।
পাঁচ ধাপ এগিয়ে ৮৫.২৫ পয়েন্ট নিয়ে সাতে অবস্থান করছে তারা। আরেক জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড ৮৪.৭৫ পয়েন্ট নিয়ে তাদের পরের অবস্থানে আছে।
অন্যদিকে লা লিগা, স্প্যানিশ সুপার কাপ ও স্প্যানিশ কাপ জয়ী বার্সেলোনা সেরা আটে জায়গা না পেলেও এক ধাপ উন্নতি হয়েছে। ৮৩.২৫ পয়েন্ট নিয়ে নয়ে অবস্থান করছে তারা।
সেরা দশে জায়গা ধরে রেখেছে ইতালিয়ান ক্লাব রোমা। ৮০.৫ পয়েন্ট তাদের খাতায়। শীর্ষ পাঁচ লিগের বাইরে থাকা পর্তুগালের ক্লাব বেনফিকা চার ধাপ এগিয়ে ১১তম স্থানে অবস্থান করছে। তাদের পয়েন্ট ৭৭.৭৫।
উল্লেখ্য, উয়েফা ক্লাব র্যাঙ্কিং ক্লাবগুলোর উয়েফার প্রতিযোগিতায় পারফরম্যান্সের উপর ভিত্তি করে তৈরি করা হয়। যা গত পাঁচ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা ইউরোপা লিগ এবং উয়েফা ইউরোপা কনফারেন্স লিগের ফলাফল থেকে হিসেব করা হয়। প্রতিটি ক্লাবের মোট পয়েন্ট গণনা করে তাদের র্যাঙ্কিং নির্ধারণ করা হয়।