কানাডায় কেবিন ক্রুদের ধর্মঘট, ৭০০ ফ্লাইট বাতিল
ছবি: সংগৃহীত
কানাডার বৃহত্তম ও রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থা এয়ার কানাডার ১০ হাজারেরও বেশি কেবিন ক্রু ধর্মঘট শুরু করেছেন। বেতন বৃদ্ধির দাবিতে তাদের এই ধর্মঘটের যাত্রী পরিসেবা কার্যক্রম পুরোপুরি বন্ধ ঘোষণা করেছে এয়ার কানাডা কর্তৃপক্ষ। ইতোমধ্যেই শনিবারের (১৬ আগস্ট) নির্ধারিত ৭০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে এক লাখ ৩০ হাজারের বেশি যাত্রীর ভ্রমণ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ১৯৮৫ সালের পর বিমান সংস্থাটির কেবিন ক্রুদের এটি প্রথম ধর্মঘটের ঘটনা। যার ফলে এক লাখের বেশি বিদেশি যাত্রী আটকা পড়েছেন, যাদের অনেকেই বিকল্প ফ্লাইট খুঁজতে বাধ্য হয়েছেন।
ফ্লাইট অ্যাটেনডেন্টের প্রতিনিধিত্বকারী সংগঠন কানাডিয়ান ইউনিয়ন অব পাবলিক এমপ্লয়িজ (সিইউপিই) এক বিবৃতিতে বলেছে, ‘আমরা বর্তমানে আনুষ্ঠানিকভাবে ৭২ ঘণ্টার ধর্মঘট পালন করছি।’
বিশ্বের ১৮০টি শহরে সরাসরি ফ্লাইট পরিচালনাকারী এয়ার কানাডা এক বিবৃতিতে বলেছে, ধর্মঘটের কারণে ‘এয়ার কানাডা’ এবং তার কম খরচের ইউনিট ‘এয়ার কানাডা রুজ’ উভয়ের কার্যক্রম স্থগিত করেছে। তবে আঞ্চলিক সহযোগী ‘এয়ার কানাডা জ্যাজ’ এবং ‘পিএএল এয়ারলাইন্স’ তাদের কার্যক্রম চালিয়ে যাবে।
এই বিঘ্ন কয়েকদিন পর্যন্ত স্থায়ী হতে পারে বলে সতর্ক করে এয়ার কানাডার কর্তৃপক্ষ বলছে, কেবিন ক্রুদের সঙ্গে মীমাংসার পরেও সম্পূর্ণ কার্যক্রম স্বাভাবিক করতে এক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। ফলে অন্য কোনও বিমান সংস্থার টিকিট বুকিং না থাকলে বিমানবন্দরে না যাওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানিয়েছে।
এর আগে, বুধবার এয়ার কানাডার কর্মীদের ৭২ ঘণ্টার ধর্মঘটে যাওয়ার ডাক দেয় সিইউপিই। শ্রমিকদের সম্ভাব্য এই আন্দোলন ঘিরে এয়ার কানাডা কর্তৃপক্ষ ধীরে ধীরে তাদের কার্যক্রম সীমিত করার পদক্ষেপ নেয়।