ব্যবসায়ী রুবেল হত্যা: মূল আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার
ছবি : সংগৃহীত
মৌলভীবাজার শহরের শমসেরনগর রোডে ব্যবসায়ী শাহ ফয়জুর রহমান ওরফে রুবেল (৫৫) হত্যা মামলার মূল আসামি জুহেল মিয়া ওরফে জুয়েল ওরফে আলিফকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হত্যায় ব্যবহৃত ছুরি, মাস্ক, জুতা ও রক্তমাখা টাকা উদ্ধার করা হয়।
সোমবার (১৮ আগস্ট) এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা।
জানা যায়, গত ৭ আগস্ট সন্ধ্যা ৬টা ৩৫ মিনিট থেকে ৭টা ৫ মিনিটের মধ্যে নিজ দোকান এফ রহমান ট্রেডিং-এ ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন ব্যবসায়ী রুবেল। পরদিন নিহতের পরিবার সদর মডেল থানায় মামলা দায়ের করে।
মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন (পিপিএম-সেবা) এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা, আবুল খায়ের, সদর থানার ওসি গাজী মাহবুবুর রহমান ও জেলা গোয়েন্দা শাখার টিম তদন্ত শুরু করে। ঘটনাস্থল পরিদর্শন, প্রত্যক্ষদর্শীর জবানবন্দি এবং ডিজিটাল প্রমাণ বিশ্লেষণের মাধ্যমে সন্দেহভাজনকে শনাক্ত করা হয়।
পরে রোববার (১৭ আগস্ট) দুপুর ১টা ৩০ মিনিটে শ্রীমঙ্গলের লইয়ারকুল গ্রামে নিজ বাড়ি থেকে জুহেল মিয়াকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করে জানায়, আর্থিক সংকটে পড়ে ছিনতাইয়ের উদ্দেশ্যে মৌলভীবাজারে আসে। সুযোগ বুঝে ক্রেতা সেজে দোকানে প্রবেশ করে রুবেলকে ধারালো ছুরি দিয়ে হত্যা করে এবং ক্যাশ থেকে ১ হাজার ১০০ টাকা নিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।