নাটোরে রেললাইন ভাঙা, বস্তা গুঁজে ধীরগতিতে ট্রেন চলাচল

নাটোরে রেললাইন ভাঙা, বস্তা গুঁজে ধীরগতিতে ট্রেন চলাচল

ছবি : সংগৃহীত

নাটোরের লোকমানপুর স্টেশনসংলগ্ন এলাকায় রেললাইনে ফাটল দেখা দিয়েছে। এ কারণে আপাতত ভাঙা জায়গায় পাটের বস্তা গুঁজে ধীরগতিতে ট্রেন চলাচল করছে রেল কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে লাইনে ফাটল শনাক্ত হওয়ার পর জরুরি মেরামতকাজ শুরু করেছে রেলওয়ে।

আব্দুলপুর স্টেশন সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬টার দিকে নিয়মিত পর্যবেক্ষণের সময় রেলকর্মীরা ফাটল দেখতে পান। তাৎক্ষণিকভাবে পাটের বস্তা গুঁজে ট্রেন চলাচল সচল রাখা হয়। তবে ভাঙা অংশ দিয়ে ট্রেনগুলো সর্বোচ্চ ১০ কিলোমিটার গতিতে চলছে। ইতোমধ্যে ঈশ্বরদী থেকে রাজশাহীগামী কমিউটার ট্রেন ও ঢালারচর এক্সপ্রেস ট্রেন এ ভাঙা লাইন অতিক্রম করেছে।

রেল শ্রমিক মোস্তাক আহমেদ বলেন, আমরা খবর পাওয়ার পর সকালেই ঘটনাস্থলে এসেছি। আপাতত বস্তা গুঁজে ট্রেন পার হচ্ছে। মেরামতের কাজ চলছে।

আব্দুলপুর রেলওয়ে স্টেশন মাস্টার মোস্তাফিজুর রহমান বলেন, লাইনে ফাটল দেখা দেওয়ার পর থেকেই ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে। অল্প সময়ের মধ্যেই মেরামত কাজ শেষ হবে বলে আশা করছি