চবি শিক্ষার্থীদের জন্য বৈদ্যুতিক শাটল গাড়ি উদ্বোধন

চবি শিক্ষার্থীদের জন্য বৈদ্যুতিক শাটল গাড়ি উদ্বোধন

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে বৈদ্যুতিক শাটল গাড়ি চালু করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১০টায় ক্যাম্পাসে এ সেবার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইয়াহইয়া আখতার।

‘মা এন্টারপ্রাইজ’ ও ‘আওয়ার গ্রিন ক্যাম্পাস’ যৌথভাবে এ পরিবহন সেবা চালু করেছে। প্রাথমিকভাবে ছয়টি গাড়ি চক্রাকারে জিরো পয়েন্ট থেকে আইন অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, ছাত্রী হল এবং ফরেস্ট্রি এলাকায় চলাচল করবে। প্রতিটি গাড়িতে ১৩ থেকে ১৭ জন শিক্ষার্থী বসতে পারবেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্ধারিত ভাড়ায় শিক্ষার্থীরা এ সেবা পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য ইয়াহইয়া আখতার বলেন, এই গাড়ি চালানো সহজ এবং ভাড়াও রিকশার তুলনায় সাশ্রয়ী রাখা হয়েছে, যাতে শিক্ষার্থীরা উপকৃত হন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মোহাম্মদ শামীম উদ্দিন খান, সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন, প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফ ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন এনায়েত উল্যাহ পাটওয়ারী উপস্থিত ছিলেন।

সহ-উপাচার্য মো. কামাল উদ্দিন জানান, প্রাথমিকভাবে ছয়টি গাড়ি চালু হলেও আগামী সপ্তাহে আরও চারটি গাড়ি যোগ হবে। কার্যক্রম সফল হলে জুন মাস থেকে আরও ২০টি গাড়ি চালু করার পরিকল্পনা রয়েছে।