এসির পানিভর্তি বালতিতে পড়ে শিশুর মৃত্যু
ফাইল ছবি
রাজধানীতে এসির পানিভর্তি বালতিতে পড়ে দেড় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ৯টার দিকে ওয়ারীর লালমোহন শাহ স্ট্রিটের একটি বাসায় এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর নাম মাহাদী হাসান। সে লালমোহন শাহ স্ট্রিটের আবুল বাশারের ছেলে।
শিশু মাহাদীর মামা আলমগীর হোসেন জানান, নিজ বাসার ৫ তলার রান্নাঘরে শিশুটির মা লাকি বেগম রুটি বানাচ্ছিলেন। এ সময় মাহাদী হাঁটতে হাঁটতে বাড়ির এসির পানি রাখা বালতিতে পড়ে যায়। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে বলেন, শিশুটির মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।