মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল ঢাবি

মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল ঢাবি

সংগৃহীত

ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা তাদের অধিকার সংরক্ষণের জন্য সাত দফা দাবি জানিয়েছে। সেই দাবিগুলোতে দ্বিমত পোষণ করে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। এসময় তাদেরকে বলা ‘কুলাঙ্গার’ শব্দটির প্রতিবাদ জানিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে বিক্ষোভ মিছিলটি বুয়েট থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিল থেকে তারা, ‘কোটা না মেধা, মেধা মেধা’; ‘ছাগল দিয়ে হালচাষ, হবে না হবে না’; ‘চাকরি তুই করলে কর, ইঞ্জিনিয়ার বানান কর’ ইত্যাদি স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস মুখরিত করে তোলে।

বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সৈয়দ মুহাম্মদ মুশফিক আলম বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ৭ দফা অযৌক্তিক দাবি দিয়েছে। তারা সব গ্রেডে তাদের জন্য কোটা বরাদ্দ চাচ্ছে। আমরা বলেছিলাম ৯ম গ্রেডে বিএসসি ডিগ্রি ছাড়া কেউ যেতে পারবে না, আর দশম গ্রেড সবার জন্য উন্মুক্ত করে দিতে হবে। সেখানে মেধার জোরে যে কেউ জায়গা করে নিতে পারব।

কিন্তু, তারা কোটার পাশাপাশি ডিপ্লোমা পাশ করে ১০ম গ্রেডে ৫০ শতাংশ পদোন্নতি চায়। এছাড়াও তারা গতকাল (বুধবার) তাদের সমাবেশে বিএসসি ডিগ্রিধারী অর্থাৎ, আমাদেরকে কুলাঙ্গার বলেছে। তাদের এসব অযৌক্তিক দাবি কখনোই মেনে নেওয়া যায় না।

উল্লেখ্য, এর আগে গতকাল (২০ আগস্ট) রাজধানীর প্রেস ক্লাবে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করেন পলিটেকনিক শিক্ষক, শিক্ষার্থী ও ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। এসময় তারা তাদের অধিকার সংরক্ষণের জন্য ৭ দফা দাবি পেশ করেন। যেখানে তাদের (ডিপ্লোমা ইঞ্জিনিয়ার) জন্য পদ সংরক্ষণ রাখা, উপ সহকারী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী পদে ৫০ শতাংশ পদোন্নতিসহ ৭ দফা দাবি জানান।